ওয়েব ডেস্ক; ২০ মার্চ : ১৭ মার্চ রাতভোর অভিযান চালিয়ে মুম্বাই শুল্ক বিভাগের এয়ার ইনটেলিজেন্স শাখা ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরে (সিএসএমআইএ)একাধিক ড্রাগ চোরাচালান আটকেছে। সমন্বয় এবং নজরদারির এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা।
অত্যাধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা (এপিআইএস) গড়ে তুলে এবং স্পট প্রোফাইলিং-এর সাহায্য নিয়ে এই তদন্ত শাখার আধিকারিকরা ৪ জন যাত্রীকে চিহ্নিত করে, যারা ব্যাঙ্কক থেকে আসছিল। অত্যন্ত তৎপরতার সঙ্গে গোয়েন্দা আধিকারিকরা ওই ৪ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে গাঁজা (হাইড্রোপনিক উইড)উদ্ধার করে, যা তারা চোরাচালান করছিল। এরপর জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রায় ৬৪.৩৯৪ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬৪.৩৯৪ কোটি টাকা। যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন বিদেশী। বিদেশীকে ব্যবহার করে এই জাতীয় নিষিদ্ধ মাদকের চোরাচালান এক নতুন দিককে উন্মোচিত করেছে। ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে।
অর্থবছর ২০২৫-২৬ –এর ১৮ মার্চ পর্যন্ত সিএসএমআইএ-র বিমানবন্দর কমিশনারেট প্রায় ২৪৪ টি ক্ষেত্রে ১৩৩০ কিলোগ্রাম গাঁজা (হাইড্রোপনিক উইড) আটক করেছে এবং মোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধারাবাহিক এই প্রয়াস মাদক দ্রব্য চোরাচালান প্রতিরোধে কোনওরকম সহিষ্ণুতা না দেখানোর দফতরের সর্বাত্মক মনোভাবকে ফুটিয়ে তুলেছে।
