ওয়েব ডেস্ক; ২৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের মাধ্যমে দেশের পণ্য পরিবহণের পরিমাণ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। পরিবেশ বান্ধব এবং দক্ষভাবে জ্বালানি ব্যবহার করার কারণেই রেল পথে পণ্য পরিবহণের পক্ষে মতপ্রকাশ করেন। ভারতীয় রেলের বৈদ্যুতিকীকরণের কাজ প্রায় ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই প্রেক্ষিতে পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থাকে উৎসাহিত করতে এবং ডিজেলের আমদানি হ্রাস করতে রেলের মাধ্যমে পণ্য পরিবহণে উৎসাহদান করা হচ্ছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিভিন্ন পণ্য পরিবহণের জন্য ভারতীয় রেলকে কীভাবে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে স্থির হয়েছে বিভিন্ন শিল্প সংস্থা, বাণিজ্য মহল এবং বড় বড় পণ্য পরিবহণকারী সংস্থার সঙ্গে মতবিনিময় করা হবে। এই আবহে ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত ওয়াগান তৈরির সময় তার নকশার বিষয়টিতে অতিরিক্ত গুরুত্ব দেবে। আগামী ১৫ দিনের মধ্যে ওয়াগানের নকশা সংক্রান্ত নতুন নীতি চূড়ান্ত করা হবে। উন্নতমানের ওয়াগান তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এক্ষেত্রে যে সংস্কারগুলি কার্যকর করা হবে, তার মধ্য দিয়ে ভারতীয় রেল আরও বেশি পণ্য পরিবহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

শিল্প সংস্থাগুলি যাতে সড়ক পথের পরিবর্তে রেল পথ দিয়ে বেশি পরিমাণে পণ্য পরিবহণ করে, তা নিশ্চিত করতে ওয়াগানের নকশা সংক্রান্ত নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হবে। পরিবেশ বান্ধব পদ্ধতিতে পণ্য পরিবহনই যার মূল উদ্দেশ্য। প্রস্তাবিত এই নীতি ভারতীয় রেলকে একটি আধুনিক, উপভোক্তা বান্ধব ও উদ্ভাবনমূলক পরিবহণ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়ন যেমন নিশ্চিত হবে, পাশাপাশি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সুস্থায়ীভাবে পরিবেশকে কাজে লাগানোও সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed