ওয়েব ডেস্ক; ৩ এপ্রিল : লোকসভা ভোটের আগে বিএসএফের হাতে বড় সাফল্য। কলকাতায় সোনা ডেলিভারি করতে গিয়ে সোনা সহ আটক দুই মহিলা। ১৩ টি সোনার বিস্কুট এবং ১ টি সোনার বড় টুকরো সহ ময়ুরহাট হাল্ট রেলওয়ে স্টেশনে গ্রেপ্তার করা হয় তাদের। আটক করা সোনার মোট ওজন ১.৯২৯ কেজি , যার বাজার মূল্য ১,৩৪,৫৪,৭৭৫/- টাকা।

বিএসএফ সূত্র খবর, গত ২ এপ্রিল বিএসএফ গোয়েন্দা বিভাগ সীমান্ত চৌকি গেদে সৈন্যদের শিয়ালদহগামী ট্রেনের মাধ্যমে সোনা পাচারের কথা জানায়। খবর পেয়ে গেদের কোম্পানি কমান্ডার আরপিএফ-এর সঙ্গে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাঝদিয়া রেলস্টেশনে ট্রেনে ওঠেন। সূত্র দ্বারা পাওয়া সন্দেহভাজনদের ছবি অনুসারে, দু’জন মহিলাকে চিহ্নিত করে এবং তাদের শনাক্ত করার পরে, বিএসএফ , আরপিএফ ময়ুর হাট রেলওয়ে স্টেশনে উভয় সন্দেহভাজন মহিলা পাচারকারীকে ট্রেন থেকে নামায়। প্রাথমিক তল্লাশির সময় তাদের কাছ থেকে ২ টি প্যাকেট পাওয়া যায় যার মধ্যে ১৩ টি সোনার বিস্কুট এবং ১টি সোনার বড় টুকরো উদ্ধার করা হয়। এরপর জব্দকৃত সোনা এবং মহিলাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীমান্ত চৌকি গেদে আনা হয়।

ধৃত নারী পাচারকারীদের শনাক্তকরণ
ধৃতদের নাম : পদ্মা মন্ডল এবং মিঠু বিশ্বাস যারা দুজনেই নদীয়ার বাসিন্দা।

আটক করা সোনা এবং মহিলাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।