ওয়েব ডেস্ক; ৩ আগস্ট: দেশ জুড়ে ষোড়শ ভারতীয় অঙ্গদান দিবস পালিত হচ্ছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (নোট্টো) মূল অনুষ্ঠানটি আয়োজন করে। ভারতে অঙ্গদানের সংস্কৃতিকে শক্তিশালী করতে এবং যেসব মৃত ব্যক্তিরা অঙ্গদান করেছেন, তাঁদের পরিবারের সদস্যদের অতুলনীয় এই উদ্যোগকে শ্রদ্ধা জানানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, মন্ত্রকের সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব ছাড়াও মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন যেসব মৃত ব্যক্তি অঙ্গদান করেছেন তাঁদের পরিবারের সদস্য, যাঁরা অন্যের অঙ্গ পাওয়ায় আবারও জীবন যাপন করতে পারছেন। এঁরা ছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।

প্যাটেল বলেন, ২০২৩ সালে জাতীয় স্তরে ডিজিটাল পদ্ধতিতে ৫ লক্ষের বেশি নাগরিক অঙ্গ দানের অঙ্গীকার করেছেন। ভারতে ২০১৩ সালে অঙ্গদান হয়েছিল ৪,৯৯০টি। ২০২৫ সালে ২০,১৩৮-টি অঙ্গদান হয়েছে- এক বছরের নিরিখে যা সর্বোচ্চ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর এদেশেই সব থেকে বেশি পরিমাণে অঙ্গদান হয়। মন্ত্রী বলেন, অঙ্গদানের বিষয়ে ভ্রান্ত ধারণা থাকায় এই আন্দোলন ব্যাহত হচ্ছে। সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ‘যুগ যুগ জিও অভিযান’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ন্যাশনাল ব্রেন স্টেম ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, নোট্টোর পাশাপাশি আঞ্চলিক স্তরে ৫টি রিজিওন্যাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (রোট্টো) ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য স্টেট অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (সোট্টো) কাজ করছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনায় কিডনি প্রতিস্থাপনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্যাটেল জানান, নতুন দিল্লির এইমস ছাড়াও ১০টি এইমস-এ এখন কিডনি প্রতিস্থাপন করা হয়। এদের মধ্যে ভূবনেশ্বর, পাটনা, ঋষিকেশ এবং যোধপুর এইমস-এ যকৃৎ প্রতিস্থাপন হয়। ভূপাল এইমস-এ হৃদপিন্ড প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে জাতীয় স্তরে একটি স্বচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ই প্রত্যার্পণ’-এর সূচনা হয়েছে। এছাড়া নোট্টর ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রসঙ্গত ১৯৯৪ সালের আজকের দিনে নতুন দিল্লির এইমস হাসপাতালে সফলভাবে প্রথম হৃৎপিন্ড প্রতিস্থাপন করা হয়। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ৩ অগাস্ট ভারতীয় অঙ্গদান দিবস উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *