ওয়েব ডেস্ক; ৩ জুন : দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের পরবর্তী ধাপে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
নতুন দিল্লির কর্তব্য ভবনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং – এর সঙ্গে ভারত সফররত দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান ও প্রযুক্তি উপ-মন্ত্রী ডঃ নোমালুংগেলো গিনার বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ রাজেশ এস গোখেল সহ শীর্ষ স্থানীয় আধিকারিকরা। আলোচনায় অংশ নেন বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও।
ডঃ সিং বলেন, উন্নয়নশীল দেশগুলির জন্য প্রযুক্তিগত প্রকৌশল নির্মাণে এই সহযোগিতা বিশেষ ভূমিকা নেবে। ভারত বর্তমানে উদ্ভাবন পরিমণ্ডলের প্রসারের নিরিখে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, ডিজিটাল জনপরিকাঠামোর মতো বিষয়ে এই দেশ বিশ্বে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আদান-প্রদান আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, হাইড্রোজেন প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রেও ভারতের সঙ্গে অংশীদারিত্ব আরও বাড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। ঐ দেশের পক্ষ থেকে সায়েন্স ফোরাম সাউথ আফ্রিকা ২০২৬ – এ যোগদানের জন্যও ভারত’কে আমন্ত্রণ জানানো হয়েছে।
