ওয়েব ডেস্ক; ২৪ মার্চ : নির্বাচনমুখী ৫টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওই রাজ্যগুলির সীমান্তবর্তী ১২টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, মুখ্য নির্বাচন আধিকারিক, পুলিশের মহা নির্দেশক সহ শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করল নির্বাচন কমিশন। হিংসামুক্ত অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক সমন্বয় জোরদার করার লক্ষ্যেই এই বৈঠক।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার ডঃ এস এস সান্ধু এবং ডঃ বিবেক যোশী সংশ্লিষ্ট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখেন। বে-আইনি নগদ টাকার লেনদেন, মাদক ও অস্ত্রপাচার রুখতে আন্তঃরাজ্য সীমান্ত চৌকিগুলিকে আরও সক্রিয় করে তোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুডুচেরি ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে এবং ৬টি রাজ্যের কিছু কেন্দ্রে উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে। ভোটপর্ব সুষ্ঠু রাখতে এই রাজ্যগুলির প্রতিবেশী রাজ্যগুলিকেও যথাযথ ব্যবস্থা নিতে বলেছে কমিশন। বিশেষ করে সীমান্তবর্তী জেলা ও আন্তঃরাজ্য সীমান্তে সুস্থিতি বজায় রাখার দিকে নজর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ, কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদ, ইডি, ডিআরআই, এনসিবি সহ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার প্রধানদের এবিষয়ে বিশেষভাবে উদ্যোগী হতে বলেছে নির্বাচন কমিশন।
