ওয়েব ডেস্ক; ২২ জুন : রেলযাত্রীদের সুরক্ষাকে আরও শক্তিশালী করতে ভারতীয় রেল গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। ইস্ট-কোস্ট রেলের ৬৩১ রুট কিলোমিটারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘কবচ’ কার্যকর করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বাঘুপাল-বুধাপাঁক, হরিদাসপুর-পারাদীপ, খুরদা রোড-বোলাঙ্গির, নৌপাড়া-গুনুপুর, লানঝিগড় রোড-জুনাগড় এবং বোব্বিলি-সালুর — ইস্ট-কোস্ট রেলের এই ছ’টি গুরুত্বপূর্ণ রেলপথে ‘কবচ’ বসানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
ভারতীয় রেল বিশেষ প্রযুক্তির মাধ্যমে ‘কবচ’কে কার্যকর করার পরিকল্পনা করেছে। সম্পূর্ণ দেশীয় এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ট্রেনের সুরক্ষা নিশ্চিত করে। সিগন্যালকে না মেনে চলা, নির্ধারিত গতিবেগের চাইতে বেশি গতিতে ট্রেন চালানো এবং দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগার মতো সমস্যাগুলির সমাধান করতে ‘কবচ’ সহায়ক হবে। এর ফলে, ইস্ট-কোস্ট রেলের অধীনে ওড়িশা ও পার্শ্ববর্তী অঞ্চলে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সুরক্ষা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ রেলপথ ও যে রুট দিয়ে বেশি ট্রেন চলে, সেখানে ‘কবচ’ প্রযুক্তির ব্যবহার বাড়বে।
