ওয়েব ডেস্ক; ৬ জুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।কলকাতা এবং হলদিয়ার ডক ব্যবস্থা- দুজায়গাতেই পালন করা হয় এই অনুষ্ঠান।
কলকাতা ডক ব্যবস্থায় অনুষ্ঠানটির উদযাপন হয় সিভিল ইঞ্জিনিয়ারিং অফিস প্রাঙ্গণে স্থানীয় প্রজাতির গাছ রোপণের মাধ্যমে। এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রথেন্দ্র রমন, চেয়ারম্যান, এসএমপি কলকাতা। কর্মসূচিতে প্রবীণ আধিকারিক, কর্মচারী এবং কেডিএস ইউনিটের সিআইএসএফ কর্মীরা উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন।
একইসঙ্গে, হলদিয়া ডক প্রাঙ্গণেও এই দিনটি হলদিয়া টাউনশিপ জুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন এইচডিসির ডেপুটি চেয়ারম্যান, সম্রাট রাহি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ আধিকারিক এবং কর্মচারীরা, যাঁরা সক্রিয়ভাবে এই সবুজায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এই বছরের বিষয় “বিট প্লাস্টিক পলিউশন” প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রমন বলেন,
“সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে — এখন আর শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, প্লাস্টিক দূষণ নির্মূল করতে আমাদের দৃঢ় এবং বাস্তব পদক্ষেপ নিতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলিত হই, দলবদ্ধ হয়ে কাজ করে আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করি। একসাথে আমরা বড় পরিবর্তন আনতে পারি।”
এই তাৎপর্যপূর্ণ দিনে, রমন আরও একবার স্মরণ করিয়ে দেন যে এসএমপি কলকাতা তার সবুজ বন্দর উদ্যোগে অটল — যার লক্ষ্য বন্দরকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী কেন্দ্রে রূপান্তরিত করা ও সেইসঙ্গে ভারতের সমুদ্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে সদর্থক ভূমিকা পালন করা।
