ওয়েব ডেস্ক ; ২৪ জানুয়ারি : কলকাতার সোদপুরের কুমারী তনিমা দাস কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রিত হয়েছেন। তিনি ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়ের বি.টেক – এর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি, সামাজিক কাজকর্মে যুক্ত থাকায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় প্রকল্প পরিষেবা এনএসএস – এর অধীন বিভিন্ন সামাজিক কাজকর্মে তিনি ব্যাপকভাবে অংশ নিয়েছেন।

রাজধানী শহরে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কুমারী তনিমা দাস একজন। তিনি বলেন, ৪ জানুয়ারি সরকারি আমন্ত্রণপত্র হাতে পাওয়া আমার কাছে আনন্দদায়ক অভিজ্ঞতা। আমার বাবা চিঠিটি প্রথমে পড়েন। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। ২৩-২৭ জানুয়ারি কুমারী তনিমা দাসের রাজধানী শহরে যাতায়াত ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার।

জাতীয় অনুষ্ঠানগুলিতে জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ১০ হাজার জন বিশেষ অতিথিকে ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিবর্গকে স্বর্ণিম ভারতের নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সহ নানা ক্ষেত্রে সফল মানুষেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন।