ওয়েব ডেস্ক; ২৪ ডিসেম্বর: আগামী সোমবার ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলা সংগীত মেলা ২০২৩ এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব ২০২৩ । জানান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন ।

কলকাতার ১১ টি মঞ্চে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সংগীত মেলা ২০২৩ এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব ২০২৩। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক , মধুসূদন মুক্ত মঞ্চ , একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজি নগর), মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সংগীত একাডেমী মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্ত মঞ্চ এই ১১ টি মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব।

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবে প্রায় ৫ হাজারেরও বেশি সংগীত শিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন। বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সকল জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন। এছাড়া দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যাংকগুলো ও অনুষ্ঠান পরিবেশন করবেন।

এছাড়া ২৫ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত বাংলা আদিবাসী হস্তশিল্প শীর্ষক একটি প্রদর্শনী দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে গগনেন্দ্র প্রদর্শশালায়।

এছাড়াও বাংলা সংগীত মেলা উপলক্ষে রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গনে অস্থায়ী স্টল থাকছে যেখানে রকমারি হস্তশিল্পের প্রদর্শন এবং নানা স্বাদের খাবার থাকবে।