ওয়েব ডেস্ক; ২০ জুন : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে স্টেশন মাস্টারদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি, ভারতীয় রেলে নিরাপদ, অধিকতর দক্ষ ও যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবা সুনিশ্চিত করতে তাঁদের ক্ষমতায়নের জন্য একটি সামগ্রিক কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়।
ট্রেন চলাচলে নিরাপত্তা সুনিশ্চিত করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়সাধন, যাত্রীদের সুযোগ-সুবিধা এবং রেল স্টেশনের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখার ক্ষেত্রে স্টেশন মাস্টাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পর্যালোচনা বৈঠকে স্টেশন মাস্টারদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে যে সব পরিচালনগত ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা চিহ্নিত করা এবং তাঁদের কার্যকারিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় স্টেশন মাস্টারদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া, প্রশাসনিক ও পরিচালনগত ক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নতির সুযোগ এবং ব্যবস্থাপনার উচ্চতর স্তরে যাওয়ার অধিকতর সুযোগ সংক্রান্ত প্রস্তাবগুলি পর্যালোচনা করা হয়। এসব পদক্ষেপের লক্ষ্য হল, স্টেশন মাস্টারদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং স্টেশনের পরিকাঠামো, কর্মীদের কার্যালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার কার্যকর তদারকির ক্ষেত্রে আরও সক্ষম করে তোলা।
ক্রমবর্ধমান পরিচালনগত চাহিদা মেটাতে, যে সব মাল্টি-ট্র্যাক ও উচ্চ-ঘনত্বের রুটে ট্রেন চলাচলের চাপ ও পরিচালনগত জটিলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, সেখানে অতিরিক্ত স্টেশন মাস্টার নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। স্টেশন মাস্টার ক্যাডারে শূন্যপদগুলি দ্রুত পূরণের প্রয়োজনীয়তাও পর্যালোচনা করা হয় এবং এসব শূন্যপদ পূরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
রেলমন্ত্রী দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। রেলের ক্রমবর্ধমান জটিল কার্যক্রম ও জরুরি পরিস্থিতি সামলানোর জন্য স্টেশন মাস্টারদের আরও ভালোভাবে প্রস্তুত করতে ভার্চুয়াল রিয়েলিটি, সিমুলেটর এবং অন্যান্য আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি উন্নত করার বিষয়ে আধিকারিকরা আলোচনা করেন।
সভায় স্টেশন মাস্টারদের পেশাগত উন্নতির সুযোগ বাড়ানোর পদক্ষেপগুলিও খতিয়ে দেখা হয়, যাতে তাঁরা ভারতীয় রেলের ব্যবস্থাপনার উচ্চতর স্তর ও নেতৃত্বের পদে আসীন হওয়ার অধিকতর সুযোগ পান।
নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। রেলের পরিচালন ব্যবস্থায় মহিলা স্টেশন মাস্টার ও মহিলা পয়েন্টসম্যানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ বিবেচনায় রেখে স্টেশনে উন্নত নিরাপত্তা সরঞ্জাম ও ব্যবহার-বান্ধব যন্ত্রপাতি সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়।
রেলের লক্ষ্য হ’ল, দেশের কোটি কোটি যাত্রীর জন্য একটি অধিকতর দক্ষ এবং ভবিষ্যৎ-উপযোগী স্টেশন ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা।
