ওয়েব ডেস্ক; ১৬ মে: স্মার্ট ফার্মিংয়ের জগতে বিপ্লব এনেছে আইআইটি খড়গপুরের যন্ত্রকৌশল বিভাগের এক অভিনব আবিষ্কার। অধ্যাপক দিলীপ কুমার প্রধানের নেতৃত্বে একদল পিএইচডি এবং সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা-কেন্দ্রিক ছাত্ররা একটি আধা-স্বয়ংক্রিয় ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর-ও-কৃষি রোবটিক সিস্টেম সফলভাবে প্রস্তুত করে ফেলেছেন। এই আবিষ্কারের জন্য অধ্যাপক প্রধান, প্রদীপ নহক, অতনু জানা ও অন্যান্যদের নামে একটি ভারতীয় পেটেন্টও মঞ্জুর হয়েছে। এই বুদ্ধিমান রোবটিক সিস্টেমটির লক্ষ্য কৃষকদের দৈনন্দিন সমস্যা—যেমন গাছের রোগ চেনা ও নিরাপদভাবে কীটনাশক প্রয়োগের সমাধান নিশ্চিত করা।

অধ্যাপক প্রধান ২০১৮-এ সিড্যাক কলকাতার উদ্যোগে আয়োজিত “ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ আইসিটি ইন অ্যাগ্রিকালচার (ট্র্যাক্ট)” জাতীয় সমাবেশে তাঁর বক্তৃতায় প্রথম এই উন্নত কৃষি রোবটের কথা বলেন। তাঁর মনে হয়, কৃষিক্ষেত্রের জমিগুলি সম্পূর্ণ মসৃণ বা রুক্ষ নয়, তাই ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর-ই হতে পারে আদর্শ সমাধান। এই সিস্টেমে একটি সিরিয়াল ম্যানিপুলেটর (আমাদের হাতের মত), একটি ট্র্যাকড যানের ওপর লাগানো থাকে, যা মাঠে চলাচল ও নিখুঁত কাজের জন্য উপযুক্ত।

যদিও ড্রোন-ভিত্তিক কৃষি রোবট জনপ্রিয় হয়েছে, বাতাসের প্রবাহজনিত কারণে তারা পাতার স্পষ্ট ছবি তুলতে সমস্যায় পড়ে, ফলে তথ্যে ত্রুটি থেকে যায়। এই সমস্যা দূর করতে, এই নতুন ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর ক্যামেরা-ভিত্তিক চিত্র বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে রোগ চিহ্ণিত করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় কীটনাশক ছিটিয়ে দেয়।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহায়তায় নির্মিত এই সিস্টেম কৃষকদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি, খাদ্যের মান এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এটি ফসলের রোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে ফলনের পরিমাণ বাড়াবে ও খরচ কমাবে, যার ইতিবাচক প্রভাব দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে দেখা যাবে।