ওয়েব ডেস্ক; ২৮ এপ্রিল : ২০২৪ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট গ্রহণ হয় গত শুক্রবার ২৬ শে এপ্রিল। সব মিলিয়ে দার্জিলিং এ ভোট পড়েছিল ৭৪.৭৬% , রায়গঞ্জে ৭৬.১৮%, এবং বালুরঘাটে ৭৯.০৯% । ভোট দেওয়ার গড় হিসাবে যদি দেখা যায় তাহলে এই তিন কেন্দ্র মিলিয়ে ভোটের গড় হার ৭৬.৫৮% । অর্থাৎ দ্বিতীয় দফার যে তিন কেন্দ্রে নির্বাচন হয়েছে সেই তিন কেন্দ্রের কোনোটিই ভোটদানের হার ৮০ শতাংশ ছুঁতে পারল না।
গত ২০১৯ লোকসভা নির্বাচনে দার্জিলিঙে ভোট পড়েছিল ৭৮.৮০ শতাংশ, রায়গঞ্জে ৭৯. ৮২ শতাংশ, এবং বালুরঘাটে ৮৩.৬৯ শতাংশ । অন্যদিকে ২০১৪ লোকসভা নির্বাচনে দার্জিলিঙে ৮০.২০ শতাংশ, রায়গঞ্জে ৭৯.৮৭ শতাংশ, বালুরঘাটে ৮৪.৭৪ শতাংশ ।
২০২৪ এবং ২০১৯ যদি পাশাপাশি ভোট দানের হার এই তিন কেন্দ্রে দেখা যায় তাহলে প্রত্যেকটি কেন্দ্রে ভোট দানের হার কিন্তু খুব ভাল রকম ভাবেই কমেছে এবার। হিসেব অনুযায়ী দার্জিলিং লোকসভা কেন্দ্রে ২০১৯ এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যবধান হলো ৪.০৪% , রায়গঞ্জে ৩.৬৪% , বালুরঘাটে ৪.৬০% । অতএব এই ব্যবধান কিন্তু ভোটের নিরিখে দেখতে গেলে বেশ অনেকটাই।
