ওয়েব ডেস্ক; ৬ মার্চ : ২০২৬ – এর এশিয়ান গেমস – এর প্রস্তুতি পর্যালোচনায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র সদর কার্যালয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবারের এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়ায়। বৈঠকে উপস্থিত অন্য পদাধিকারীরা এশিয়ান গেমস – এ ভারতের প্রস্তুতি নিয়ে মন্ত্রীকে অবগত করেন। এই ক্রীড়ানুষ্ঠানে যোগ দিতে প্রত্যেক ক্রীড়াবিদকে যথাযথ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এশিয়ান গেমস ২০২৬ -এর প্রস্তুতি পর্যালোচনা করতে ১৫ জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন – যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সচিব হরি রঞ্জন রাও, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েসনের প্রেসিডেন্ট শ্রীমতী পিটি ঊষা, এশিয়ান গেমস শেফ দ্য মিশন সহদেব যাদব প্রমুখ। ২০২৫ – এর ডিসেম্বর থেকে এ পর্যন্ত কমিটির চারটি বৈঠক করেছে। ক্রীড়াবিদদের প্রস্তুতি, তাঁদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মান্ডভিয়া, প্রত্যেক ক্রীড়াবিদ যাতে তাঁদের দক্ষতা প্রদর্শন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় যাবতীয় সহায়তার কোন অভাব রাখা হবে না আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ক্রীড়াবিদরা আমাদের অগ্রাধিকারের তালিকায়। খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে। এই প্রতিযোগিতায় যাতে ভারত আরও বেশি পদক পেতে পারে, সেদিকে তাকিয়ে প্রশিক্ষণে বিশেষ নজর রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৬ – এর এই এশিয়ান গেমস – এ ভারত এক নতুন মাইলফলক রচনা করবে। ২০২২ – এর হ্যাংঝাও এশিয়ান গেমস – এ ভারতের ১০৬টি পদক প্রাপ্তিকেও ছাপিয়ে যাওয়া এবারের লক্ষ্য। ৭০০-রও বেশি ক্রীড়াবিদ ৪০টিরও বেশি নানা ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেবেন।
কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ২০ মার্চ।
