ওয়েব ডেস্ক; ১৮ মার্চ: কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-এর ১ অক্টোবর ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’ প্রকল্পে অনুমোদন দেয়। দেশে ডালশস্যের উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে স্বনির্ভর হয়ে ওঠাই এর লক্ষ্য। ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ সময়কালের মধ্যে এই লক্ষ্য অর্জন করা হবে। এর জন্য ১১,৪৪০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট সময়কালে ১ হাজারটি প্রক্রিয়াকরণ শিল্পের ইউনিট গড়ে তোলা হবে। প্রথম পর্বে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৫২৮টি ইউনিট গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৬, ত্রিপুরায় ৮ এবং আসামে ২৫টি ইউনিট গড়ে তোলা হবে।

রবি মরশুমে যেসব জমি ফাঁকা পড়ে থাকে, সেখানে ডাল চাষে সহায়তা করতে বিনামূল্যে ডাল বীজের কিট দেওয়া হবে। ছয় বছর ধরে এই কিট বিতরণ করা হবে। ২০২৫-২৬ সময়কালে ১০ লক্ষ ৩৬ হাজার কিট বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ১৫ হাজার, ত্রিপুরার জন্য ২ হাজার এবং আসামের জন্য ২৫ হাজার কিট বরাদ্দ করা হয়েছে। এই মিশনের আওতায় ৪৭৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডাল চাষে উৎসাহিত করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৬টি, ত্রিপুরায় ৮টি এবং আসামে ২৫টি জেলাকে চিহ্নিত করা হয়েছে।

মিশনের আওতায় ৩৫ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ করা হবে। এর মধ্যে ২৪ লক্ষ ৫০ হাজার হেক্টর জমিতে ডাল চাষ করা হয়। ১০ লক্ষ ৫০ হাজার অতিরিক্ত জমিতে ডাল চাষ সম্প্রসারণ করা হবে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষককল্যাণ প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরি।