ওয়েব ডেস্ক; ১১ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক এবং সাংবিধানিকভাবেই ২০১৯-এর ৫ আগস্ট ভারতের সংসদে গৃহীত সিদ্ধান্তকে বহাল রেখেছে।

মোদী আরও বলেছেন যে, ন্যায়ালয় তার গভীর প্রজ্ঞায় ঐক্যের মূল নির্যাসটুকুকে শক্তিশালী করেছে, যাকে আমরা ভারতীয়রা সবচেয়ে বেশি ভালোবাসি এবং প্রিয় মনে করি।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন;

“৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের আজকের রায় ঐতিহাসিক এবং ২০১৯-এর ৫ আগস্ট ভারতের সংসদে গৃহীত সিদ্ধান্তকে সাংবিধানিকভাবেই মান্যতা দিয়েছে; এটি জম্মু, কাশ্মীর এবং লাদাখে আমাদের ভগ্নী ও ভ্রাতাদের জন্য আশা, অগ্রগতি ও ঐক্যের সরব ঘোষণা। আদালত তার গভীর প্রজ্ঞার মাধ্যমে ঐক্যের মূল নির্যাসটুকুকে শক্তিশালী করেছে, যাকে আমরা ভারতীয়রা সবচেয়ে বেশি ভালোবাসি এবং প্রিয় মনে করি।

আমি জম্মু, কাশ্মীর এবং লাদাখে সহনশীল মানুষকে আশ্বস্ত করতে চাই যে, আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমাদের দায়বদ্ধতা অবিচল থাকবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে অগ্রগতির ফল শুধু আপনাদের কাছেই পৌঁছবে না, তা নিশ্চিতভাবে পৌঁছবে আমাদের সমাজের সবচেয়ে বঞ্চিত এবং প্রান্তিক শ্রেণীর কাছেও যারা ৩৭০ অনুচ্ছেদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজকের রায় শুধুমাত্র একটি আইনী রায় নয়; এটি আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি এবং শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ ভারত গড়তে আমাদের সম্মিলিত সংকল্পের একটি প্রমাণ।