নিজস্ব সংবাদদাতা, কলকাতা : করোনা মহামারীর জন্য গত মার্চ মাস থেকে স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বেশ কিছুটা ধাক্কা খেয়েছে পড়াশোনা। রাজ্যের বিভিন্ন স্কুল অনলাইনে পড়াশোনা শুরু করলেও সমস্যা হল, সবার কাছে সঠিকভাবে স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন নেই।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ট্যাব দেওয়া হবে। এর জন্য প্রায় সাড়ে ৯ লক্ষ ট্যাব প্রয়োজন ।
আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ‘রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাবের বদলে সোজাসুজি তাদের একাউন্টে ১০,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এই কম সময়ে এত পরিমান ট্যাব জোগাড় করা অসম্ভব, কোনো সংস্থার কাছে এই এত পরিমান ট্যাব বর্তমানে নেই। তাই ছাত্র-ছাত্রীদের একাউন্টে ১০,০০০ টাকা করে দিয়ে দেওয়ার ফলে তারা নিজেদের মতন ট্যাব বা মোবাইল কিনে নিতে পারবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে ‘।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। তারা সোজাসুজি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটও করা হয়েছে।
যদিও অতিমাতির জন্য রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তার সাথে স্কুল কলেজ খোলার ব্যাপারে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত জানা যায়নি।