ওয়েব ডেস্ক; ২৩ জুলাই : ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (IHCL) তাদের ব্র্যান্ডের আওতা জুড়ে অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে ১৫টি নতুন হোটেলের জন্য চুক্তি স্বাক্ষর করার কথা ঘোষণা করল। স্বল্প পুঁজির এই চুক্তির ফলে এই পার্টনারশিপের আওতায় এসে যাবে ৪০টির বেশি হোটেল।

পুনীত ছটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, আইএইচসিএল, বললেন “রাজস্থান, কেরালা, গোয়া, আন্দামান ও লাক্ষাদ্বীপের মত জায়গায় হোটেল বানানোর যে যুগান্তকারী উত্তরাধিকার আইএইচসিএলের রয়েছে, এই চুক্তির ফলে তা এবার পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনা পূরণ করার কাজে ছড়িয়ে পড়বে। আমরা অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে আমাদের পার্টনারশিপ আরও সম্প্রসারিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা এই অঞ্চলের মেজাজটাকে তুলে ধরার মত লাক্সারি হসপিটালিটি পরিকাঠামোর জন্য প্রসিদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রধানত তাজ ব্র্যান্ডের এই প্রকল্পগুলো আগামী পাঁচ বছরে চালু হয়ে যাবে বলে আশা করা যায়। ব্যাপারটা শুরু হবে চারটে হোটেল অপারেটিং চুক্তি স্বাক্ষর করার মধ্যে দিয়ে। একটা দার্জিলিং-এ তাজ, কলকাতা আর শিলিগুড়িতে সিলেকশনস আর লাটাগুড়িতে ট্রি অফ লাইফ।”

যে ১৫টি নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে হোটেল তৈরি করার জন্যে, সেগুলি গ্রীনফিল্ড, ব্রাউনফিল্ড এবং কনভারশন প্রকল্পের সংমিশ্রণ এবং পশ্চিমবঙ্গ, সিকিম ও হিমাচল প্রদেশে ছড়িয়ে আছে। এর মধ্যে আছে সুন্দরবন, দার্জিলিং, শিমলা ও রাবং-এ তাজ রিসর্ট; সিলেকশনস হোটেল কলকাতা আর শিলিগুড়িতে এবং লাটাগুড়িতে ট্রি অফ লাইফ। কিছু বাছাই প্রকল্পের মধ্যে আছে দার্জিলিং, সিকিম, লাটাগুড়ি আর রায়চকে তাজ ব্র্যান্ডের ভিলা।