কলকাতা মেট্রোর দুই কর্মী এবং আরও চারজন সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্য ব্রিজ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নয়ডায়। এই জয়ের ফলে ভারতীয় দল ২০২২-এর মার্চে ইতালিতে বিশ্ব ব্রিজ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে। মেট্রোর দুই কর্মী হলেন সুমিত মুখার্জী এবং দেবব্রত মজুমদার।

মুখার্জী বর্তমানে ভারতীয় রেলের ব্রিজ দলের অধিনায়ক। তিনি ২০১৮-য় জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া, সুমিত এবং দেবব্রত একাধিক দেশী ও বিদেশী খেতাব জিতেছেন।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার দুই খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন এবং আসন্ন বিশ্ব ব্রিজ প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর আশা এই দুই তরুণ আগামীদিনে দেশের পাশাপাশি ভারতীয় রেলের জন্য আরও সম্মান নিয়ে আসবেন।