দেবাঞ্জন দাস, কলকাতা, ৮ জানুয়ারি:
উদ্বোধন হলো ‘২৬তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’।
আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বহু কলাকুশলীরা। এছাড়াও ছিলেন ডিরেক্টর অনুভব সিনহা। ভার্চুয়াল ভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

এই ফিল্ম ফেস্টিভ্যাল’ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ৪৫ টি দেশের ১৩২ টি সিনেমা দেখানো হবে এই উৎসবে। তার মধ্যে ফিচার ফিল্ম ৮২ টি এবং শর্ট ও ডকুমেন্টারি থাকবে ৫০ টি।
এবার শুধুমাত্র সরকারি প্রেক্ষাগৃহ নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুড়া ভবন ও কলকাতা তথ্য কেন্দ্রে চলচ্চিত্র উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে।
আজ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো সত্যজিৎ রায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘অপুর সংসার’ দিয়ে।
উল্লেখ্য, প্রতি বছর এই ফিল্ম ফেস্টিভ্যাল’ নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা মহামারীর ফলে এই ফিল্ম ফেস্টিভাল পিছিয়ে জানুয়ারি মাসে করা হলো।
আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের সমস্ত সিনেমা হল গুলোর ক্ষেত্রে ১০০% সিট ব্যবহার করা যাবে, যা আগে ছিল ৫০ শতাংশ। তবে সে ক্ষেত্রে অবশ্যই মানতে হবে করোনা বিধি। তার এই ঘোষণা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের মালিকদের ক্ষেত্রে স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।

