কলকাতা ; ৫ জানুয়ারি: ব্যাঙ্ক কর্মচারী এবং কর্মকর্তাদের সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU) আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

আসলে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী, ২৪ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার, ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি রয়েছে। ২৭ তারিখে ধর্মঘট হওয়ার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এই প্রতিবাদ কর্মসূচিতে এটিএম (ATM) কর্মচারী সংগঠনগুলিও শামিল হচ্ছে, যার ফলে এটিএম পরিষেবাও ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এই ধর্মঘটের মূল দাবি হলো সপ্তাহে পাঁচ দিন কাজ। অভিযোগ এই বিষয়ে চুক্তি সম্পন্ন হলেও, অর্থ মন্ত্রক এখনও পর্যন্ত এতে চূড়ান্ত সিলমোহর দেয়নি। ব্যাঙ্ক কর্মকর্তাদের বক্তব্য, তাঁরা নিজেদের দাবির সমর্থনে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, প্রাথমিকভাবে দাবী ছিল সপ্তাহের পাঁচ দিন ব্যাংকিং অর্থাৎ মাসে চারটি শনিবার ছুটি। সরকারের তরফ থেকে ২০১৫ সালে দুটো শনিবার ছুটি ঘোষণা করে বলা হয়, বাকি দুটি শনিবার ছুটি কিছুদিনের মধ্যেই করা হবে। বিগত বছরগুলিতে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেটি হয়নি এবং ২০২৪ সালে লিখিত প্রতিশ্রুতি সত্বেও তা এখনো পর্যন্ত করা হয়নি। যেখানে এই দেশেই বিভিন্ন সরকারি দপ্তর এমনকি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর সপ্তাহে পাঁচ দিন খোলা রয়েছে সেখানে ব্যাংকের ক্ষেত্রে সেই পুরনো নিয়ম এখনো চলছে। তাছাড়াও বর্তমানে ব্যাংকিং ক্ষেত্রে ডিজিটালাইজেশন এসেছে ফলে ৬ দিন ব্যাংক খোলা রাখার বিষয়টি যুক্তিযুক্ত নয়।”