২০২১-২২ খরিফ বিপনন মরশুমে ধান সংগ্রহ মসৃণ ভাবে এগিয়ে চলেছে। বিগত বছরগুলির মত কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পাচ্ছেন। চলতি মরশুমে গত ৩০ নভেম্বর পর্যন্ত ২ কোটি ৯০ লক্ষ ৯৮ হাজার মেট্রিক টনের বেশি ধান সংগৃহীত হয়েছে। বিপুল পরিমাণ এই ধান চণ্ডীগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান কেরালা, বিহার, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকে সংগ্রহ করা হয়েছে।

এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ ১৭ হাজার কৃষক ৫৭ হাজার ৩২ কোটি ৩ লক্ষ টাকার সহায়ক মূল্য পেয়ে লাভবান হয়েছেন।

চলতি খরিফ বিপনন মরশুমে সর্বাধিক ১ কোটি ৮৬ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টনের বেশি ধান পাঞ্জাব থেকে সংগৃহীত হয়েছে। হরিয়ানা থেকে সংগ্রহের পরিমাণ ৫৫ লক্ষ ৩০ হাজার মেট্রিক টনের বেশি। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে ১২ লক্ষ ৪২ হাজার মেট্রিক টনের বেশি ধান ন্যূনতম সহায়কমূল্যে সংগ্রহ করা হয়েছে। অন্য রাজ্যগুলিতেও চলতি মরশুমে ধান সংগ্রহে ধীরে ধীরে গতি আসছে।

উল্লেখ করা যেতে পারে, ২০২০-২১ খরিফ বিপনন মরশুমে প্রায় ১ কোটি ৩১ লক্ষ ১৩ হাজারের বেশি কৃষক ১ লক্ষ ৬৮ হাজার ৮২৩ কোটি টাকা ন্যূনতম সহায়কমূল্য পেয়ে লাভবান হয়েছেন। আলোচ্য মরশুমে ধান সংগ্রহের পরিমাণ ৮ কোটি ৯৪ লক্ষ ১৯ হাজার ৮১ মেট্রিক টন।

২০২০-২১ খরিফ বিপনন মরশুমে গত ৩০ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ধান সংগ্রহের পরিমাণ ২৭ লক্ষ ৭৯ হাজার মেট্রিক টনের বেশি। আলোচ্য মরশুমে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার কৃষক ৫ হাজার ২৪৬ কোটি টাকার বেশি ন্যূনতম সহায়কমূল্য পেয়ে লাভবান হয়েছেন।