শুভাবরি ওয়েব ডেস্ক, দেবাঞ্জন দাস; ১৩ এপ্রিল, কলকাতা:
“মালহার ফিল্ম ফেস্টিভ্যাল” কতৃপক্ষ আয়োজন করেছে ‘ম্যাচ মাই ট্যালেন্ট”। উল্লেখ করা যেতে পারে মালহার একটি স্বচ্ছন্দ এবং সবার কাছে গ্রহণযোগ্য ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে।

‘ম্যাচ মাই ট্যালেন্ট’ এই অধ্যায়ের বিশেষত্ব হলো প্রতিটি প্রতিযোগীকে ৩৬০ ঘন্টা দেওয়া হবে ৯ মিনিট থেকে ১২ মিনিট দৈর্ঘ্যের সিনেমা বানানোর জন্য। এক্ষেত্রে প্রতিযোগিরা কর্তৃপক্ষের দেওয়া ৫০ টি বিভাগের থেকে চয়ন করে নেবে তাদের পছন্দের থিম। ১ এপ্রিল তারিখ থেকে এপ্রিলের ১৫ তারিখে দুপুর ১ টা অবধি এই সময়ের মধ্যে ছবিটি তৈরি করে জমা দিতে হবে। অবশ্যই তার আগে প্রতিযোগীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

সামাজিক পটভূমিকায় স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র নির্মাণে সিদ্ধহস্ত এবং সম্প্রতি “রিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল”এ সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের পুরস্কার পাবার পর চিত্রনাট্যকার ও পরিচালক ডা. চন্দ্রগুপ্ত মালহার ফিল্ম ফেস্টিভ্যালের এই অধ্যায়ে অংশ নিচ্ছেন। পরিচালক জানালেন, এখানেও তার গল্পে সমাজের একটি দিক তুলে ধরা হয়েছে এবং চমক থাকছে অবশ্যই।
ছবিটির কাহিনী-চিত্রনাট্য-পরিচালনা ও আবহ সঙ্গীত সবকিছুই করছেন পরিচালক নিজেই। আপৎকালীন পরিস্থিতিতে এখানে তিনি ক্যামেরায় ও ছিলেন। সহকারি ছিলেন বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ মনোতোষ সরকার। ছবিটিতে অভিনয় করেছেন তনময় গুহ রায়, দেবা রায়, অনিন্দ্য দত্তরায় এবং অরুণ কুমার অধিকারী। কলকাতা এবং তার আশেপাশে ছবিটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়ে সম্পাদনা এবং ডাবিংয়ের কাজও শেষ। এবার মূল পর্বে যাওয়ার দিকে মুখিয়ে রয়েছে পুরো দলটি।

তবে শেষ অব্দি দেখতে হবে এই চলচ্চিত্র উল্লেখিত ফেস্টিভ্যালে তার জায়গা করে দিতে পারে কিনা। পরিচালক ডা. চন্দ্রগুপ্ত বলেন, আজকাল এত বেশি ফিলম ফেস্টিভাল হচ্ছে সেটা ভীষণ আনন্দের বিষয়। তবে তার মাঝে যোগ্যতার বিচার ঠিকঠাক সময় না হওয়ার ফলে অনেক চলচ্চিত্র নির্মাতাই বিষাদগ্রস্ত হয়ে থাকেন।
