ডিজিটাল ডেস্ক, কলকাতা,১৬ ফেব্রুয়ারী : আমাদের শহরের প্রাচীনতম ও ঐতিহ্যপূর্ণ অংশ উত্তর কলকাতার সবচেয়ে বড় ‘ফুড অ্যান্ড ফ্যাশন এক্সপো’ “বাহারে-আহারে”-এর উদ্বোধন হল কলকাতা পুরসভার মাননীয় ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে বুধবার ১৬ই ফেব্রুয়ারী পাইকপাড়ার গণেশ ঘোষ উদ্যানে। ১৬ই ফেব্রুয়ারী থেকে ২০শে ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত চলবে এই পাঁচ দিনব্যাপী খাদ্য ও ফ্যাশন মেলাটি যার মধ্যে থাকছে বিভিন্ন রকম রান্নার প্রতিযোগিতা, বিভিন্ন খাবার সম্পর্কিত কুইজ, লাকি ড্র সেশন, সেলফি জোন, কয়েকটি নামকরা বাংলা ব্যান্ডও থাকছে মনোরঞ্জনের জন্য এবং এসব ছাড়াও আরও অনেক আকর্ষণীয় জিনিস।
পাঁচ দিনব্যাপী এই খাদ্য ও ফ্যাশন প্রদর্শনীতে ৫০টিরও বেশি খাবারের স্টল থাকবে যেখানে সবরকমের মনোরম খাবার উপভোগ করতে পারবেন মেলায় উপস্থিতরা। কলকাতার নামকরা রেস্তোরাঁ গুলির মধ্যে স্টল থাকছে আরসালান, আমিনিয়া, সপ্তপদী, নিজাম, ৬ বালিগঞ্জ প্লেস, চাওম্যান, অউধ ১৫৯০, লাজিজ ও ওয়াও মোমো সহ আরও অনেকের।
উপস্থিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মাননীয় ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন “‘বাহারে-আহারে’ আমাদের কাছে বাঙালির রকমারি খাদ্যের প্রতি আগ্রহ একজায়গায় তুলে ধরার সমস্ত চেষ্টা করেছে এবং সব ধরনের মানুষই যাতে নির্দ্বিধায় মেলায় আসতে পারে এবং উপভোগ করতে পারে সেব্যাপারে প্রচেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি।”
