ডিজিটাল ডেস্ক; ৪ মার্চ: হস্তশিল্পীদের সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নাবার্ড। শিল্পীদের মূলধনের সুবিধার্থে ঋণের জোগান,দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় মেলা, প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কলকাতা শাখার মুখ্য মহাপ্রবন্ধক ডঃ এ আর খান। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে নাবার্ডের উদ্যোগে বিধাননগরে’র ঐকতান প্রাঙ্গণে আয়োজিত হস্তশিল্প উৎসব ২০২২-এর সূচনায় একথা জানিয়েছেন তিনি। হস্তশিল্পীদের কর্মকাণ্ড যাতে রেল স্টেশনের মত জনবহুল স্থানে যথাযথ ভাবে প্রদর্শন করা যায়, সে বিষয়েও মত প্রকাশ করেন ডঃ এ আর খান। তিনি বলেন এতে শিল্পীদের সঙ্গে বাজারের সরাসরি যোগাযোগ গড়ে উঠবে এবং তারা একটা প্ল্যাটফর্ম পাবেন।
রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং নাবার্ডের বোর্ড সদস্য ডঃ এম ভি রাও এদিন এই হস্তশিল্প উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন,হস্তশিল্পীদের উৎপাদিত পণ্যের বিপণন বিশেষ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই হবে না,বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন প্রয়োজন। এরজন্য দক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণ জরুরী বলেন মন্তব্য করেন তিনি । দেশের প্রায় ২০টি রাজ্যের ১০০ জন শিল্পী এই হস্তশিল্প উৎসবে অংশ নিয়েছেন। আগামী ৮ই মার্চ পর্যন্ত চলবে এই হস্তশিল্প উৎসব।
