ডিজিটাল; ২০ মার্চ: বিজ্ঞানীরা কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে সেটি কাজে লাগানোর জন্য দীর্ঘ দিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তারা এমন একটি কঠিন শোষকের সন্ধান পেয়েছেন, যেটি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। কিভাবে ঐ কঠিন পদার্থ এই কাজটি করে বিজ্ঞানীরা সেটি উদ্ভাবন করেছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় আইআইএসইআর – কলকাতার অধ্যাপক রাহুল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল গবেষক এই কঠিন পদার্থের কার্বন শোষণের পদ্ধতিটি উদ্ভাবন করতে পেরেছেন। নতুন এই পদার্থের উপরিভাগের ভৌত ধর্ম অন্যান্য পদার্থের থেকে আলাদা। সিওএফ – গ্র্যাফাইনের মতো সমযোজী জৈব পদার্থের থেকে এর বৈশিষ্টগুলি ভিন্ন । নতুন এই পদার্থের সিওএফ আস্তরণযুক্ত জিওলাইট কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। এক্ষেত্রে জিওলাইটের কাঠামো আদ্রতা, জল বা হালকা অ্যাসিডের জন্য ক্ষতিগ্রস্থ হয় না। সম্পূর্ণ সমযোজী বন্ধনের জৈব ন্যানো টিউবটিকে বিজ্ঞানীরা সিওএনটি বলে অভিহিত করছেন। এটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, কিভাবে সিওএনটি কার্বন শোষণ করতে পারে এবং শোষণের পর কার্বন ডাই অক্সাইডকে কার্বন মনোক্সাইডে পরিণত করতে পারে।