ডিজিটাল; ১৪ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের সুগম্য ভারত অভিযানের আওতায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া যাত্রীদের সুবিধার্থে ১৪টি বিমানবন্দরকে অ্যাম্বুলিট পরিষেবার মাধ্যমে সাজিয়ে তুলেছে । হুইলচেয়ারে থাকা যাত্রী, দিব্যাঙ্গ যাত্রী, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া যাত্রীদের সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হয়েছে । এই অ্যাম্বুলিটগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশীয়ভাবে তৈরি করা হয়েছে । বর্তমানে দেরাদুন, গোরক্ষপুর, পাটনা, বাগডোগরা, দ্বারভাঙা, ইম্ফল, বিজয়ওয়ারা, পোর্টব্লেয়ার, যোধপুর, বেলগাঁও, শিলচর, ঝারসুগুদা, রাজকোট ও হুবলি – ১৪টি বিমানবন্দরে এই পরিষেবা চালু করা হয়েছে । চলতি মাসের শেষের দিকে লেহ্, জামনগর, ভুজ, কানপুর, ডিমাপুর এবং জোরহাট এই ৬টি বিমানবন্দরে এই ধরণের পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে । অ্যাম্বুলিটগুলিতে এক একবারে একজন পরিচারক সহ ৬টি হুইলচেয়ার এবং ২টি স্ট্রেচার বহন করা যাবে । এখানে এয়ার-কন্ডিশনিং ব্যবস্থাও রয়েছে । যেসব বিমানবন্দরে অ্যারোব্রীজের সুবিধা নেই, সেখানে দিব্যাঙ্গ যাত্রীদের সাহায্যার্থে এই পরিষেবা চালু থাকবে । কেন্দ্রীয় সরকার বিমানবন্দর, রেলস্টেশন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় সুগম্য ভারত অভিযানের দৃষ্টিভঙ্গি কার্যকর করার জন্য কাজ করে চলেছে । এরই অঙ্গ হিসেবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত এই ১৪টি বিমানবন্দরে অ্যাম্বুলিটের ব্যবস্থা চালু করেছে ।