ডিজিটাল; ২২ এপ্রিল: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, গত দু’মাসে ইলেক্ট্রিক দু’চাকারের যানের সঙ্গে যুক্ত একাধিক দুর্ঘটনার কথা নজরে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার একগুচ্ছ ট্যুইটে গড়করি বলেছেন, ত্রুটিপূর্ণ এ ধরনের সমস্ত বাহন দ্রুত ফিরিয়ে নিতে সংস্থাগুলি আগাম পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে আমাদের সরকার প্রত্যেক যাত্রীর সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
ইলেক্ট্রিক দু’চাকার বাহনের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার তদন্ত এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী গড়করি জানান। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষী সংস্থাগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হবে। সেইসঙ্গে, ইলেক্ট্রিক যানবাহনের জন্য উৎকর্ষতা-কেন্দ্রিক নীতি-নির্দেশিকাও শীঘ্রই প্রকাশ করা হবে।
গড়করি আরও জানান, যদি কোনও সংস্থার উদাসীনতা রয়েছে বলে জানা যায়, সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ত্রুটিপূর্ণ সমস্ত বাহন দ্রুত ফিরিয়ে নেওয়ার নির্দেশ নেওয়া হবে।
