ডিজিটাল; ১৩ মে: নতুন দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সাইয়েন্সেস (এইমস) ৯ থেকে ১৩ই মে পর্যন্ত পাঁচ দিনের জাতীয় স্তরে একটি কর্মশিবির ও অফলাইন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। দক্ষতা বৃদ্ধির জন্য ডিএসটি এসটিইউটিআই, ডিএসটি এসএএফআই এবং ডিবিটি সহজ উদ্যোগের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাঁচ দিনের এই কর্মশিবিরে ইলেকট্রন টমোগ্রাফি সম্পর্কে হাতেকলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়াও প্লাঞ্জ ফ্রিজিং, ক্রায়ো-আল্ট্রামাইক্রোটমি বা ক্রায়ো-ফোকাস্ড-আয়ন বিম, গ্লো-ডিসচার্জ, ইএম-এ গ্রিড স্থানান্তর, হ্যান্ডলিং, টিল্ট সিরিজ ডেটা সংগ্রহ, আইএমওডি এবং ই-টমো সফটওয়্যারের সঙ্গে এগুলির প্রক্রিয়াকরণ প্রভৃতি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি, এই কর্মশিবিরে থিয়োরি / মেথোডোলজিক্যাল বক্তৃতার পাশাপাশি হাতেকলমে ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে।

নতুন দিল্লির এইমস-এর অধিকর্তা অধ্যাপক রনদীপ গুলেরিয়া সোমবার এই কর্মশিবিরের সূচনা করেন। এই উপলক্ষে নতুন দিল্লির এইমস প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সুব্রত সিনহা, কেন্দ্রীয় জৈব প্রযুক্তি দপ্তরের আধিকারিক ডঃ গরিমা গুপ্তা এবং নতুন দিল্লি এইমস-এর দেহতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক এ শারফ প্রমুখ উপস্থিত ছিলেন।