
শুভাবরি ওয়েবডেক্স, ১১ মার্চ ,কলকাতা :লোক সংস্কৃতিকে যুবসম্প্রদায় ও সাধারন মানুষের মধ্যে প্রসার এবং লালন ফকিরের প্রতি সম্মান জানাতে আগামী ১৬ ও ১৭ মার্চ পি সি চন্দ্র গার্ডেনের টিউলিপ হলে যৌথ ভাবে লোকসংস্কৃতির এক কর্মশালার আয়োজন করতে চলেছে বাংলা লোকসঙ্গীতের অন্যতম দল দোহার এবং পি সি চন্দ্র গ্রুপ ।
আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানলেন দোহারের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন পি সি চন্দ্র গ্রুপের পক্ষ থেকে অভিজিত লাহা, প্রতীপ রায় প্রমুখ ।

গত দুবারের কর্মশালায় প্রভূত সাফল্যের পর এবারও যে তার থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করবে সে বিষয়ে আশাবাদী দোহার ।এবারের বিষয়-‘লালন সাঁই পরম্পরার গান’।প্রশিক্ষক হিসাবে থাকবেন-বাংলাদেশ জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দনা মজুমদার , নদীয়ার গোড়ভাঙার বিশিষ্ট শিল্পী নূর আলম প্রমুখ ।
১৬ মার্চ কর্মশালা হওয়ার পরদিন ১৭ তারিখ হবে কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গীত পরিবেশন। দোহারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক ভাবে তারা কর্মশালার জন্য প্রায় ১০০ জনকে বেছে নিয়েছেন । পি সি চন্দ্র এবং দোহার দুজন হাতে হাত রেখেই ছ মাস অন্তর কর্মশালা আয়োজন করে চলেছে। তাদের এই প্রয়াস যে নতুন প্রজন্ম জারা সংগীত জগতে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য লাভদায়ক বলে মনে করছেন উদ্যোক্তারা।
