ডিজিটাল; ১২ জুন: মঙ্গোলিয়ার মানুষের প্রতি বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভগবান বুদ্ধের চারটি পবিত্র অবশেষ সেদেশে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, আগামী ১৪ই জুন মঙ্গোলিয়ার বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে ১১ দিনের যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, সেখানে পবিত্র এই অবশেষগুলি প্রদর্শিত হবে। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে ২৫ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল আগামীকাল পবিত্র অবশেষগুলি নিয়ে সেদেশের উদ্দেশে রওনা হবে। মঙ্গোলিয়ার গানদান বৌদ্ধ মঠ চত্ত্বরে বাতসাগন মন্দিরে পবিত্র অবশেষগুলি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ভগবান বুদ্ধের এই চারটি পবিত্র অবশেষ বর্তমানে জাতীয় সংগ্রহালয়ে রাখা থাকে। কোপিলাবস্তু অবশেষ হিসেবে পরিচিত এগুলি ১৮৯৮-এ প্রথম বিহারের প্রচীন শহর কোপিলাবস্তু থেকে আবিস্কার করা হয়েছিল। এজন্যই অবশেষগুলির নামকরণ হয়েছে কোপিলাবস্তু অবশেষ হিসেবে।
মঙ্গোলিয়া সফর সম্পর্কে আজ নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন, ভারত – মঙ্গোলিয়া সম্পর্কে এটি আরও একটি ঐতিহাসিক মাইলফলক। সেদেশে ভগবান বুদ্ধের পবিত্র এই অবশেষগুলির প্রদর্শনী দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আরও নিবিড় করবে।
২০১৫তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মঙ্গোলিয়া সফরের কথা স্মরণ করে শ্রী রিজিজু বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদী সেদেশ সফর করেছিলেন। সেদিক থেকে পবিত্র এই অবশেষ সেদেশে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হল, দুই দেশের মধ্যে সম্পর্কের পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়িত করা। দুই দেশের মধ্যে কয়েক শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে।
রিজিজু আরও বলেন, মঙ্গোলিয়া ও ভারত দুই দেশই পরস্পরকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিবেশী হিসেবে গণ্য করে। এই অভিন্নতার বিষয়গুলিকে বিবেচনায় রেখে মঙ্গোলিয়াকে আমাদের তৃতীয় প্রতিবেশী বলা চলে।
রিজিজু বলেন, ভগবান বুদ্ধের শিক্ষা বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক। তাঁর আদর্শ মানব জাতিকে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পথ অনুসরণে অনুপ্রাণিত করে। ভারত শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে রিজিজু বলেন, ভগবান বুদ্ধের শিক্ষার মাধ্যমে সারা বিশ্বে ভারত এই বার্তা ছড়িয়ে দিতে চায়। রিজিজু আরও জানান, মঙ্গোলিয়ার মানুষকে বিশেষ উপহার হিসেবে প্রদর্শের জন্য পবিত্র এই অবশেষগুলি সেদেশে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গোলিয়াবাসীর হৃদয়ে ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রতি সম্মান ও শ্রদ্ধা রয়েছে।
প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া সফরের সময় থেকে ভারত সেদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে। ইতিমধ্যেই মঙ্গোলিয়ান কঞ্জুরের ১০৮টি অধ্যায়ের ৭৫টি কপি ভারত মুদ্রণ করে সেদেশের সরকারের হাতে তুলে দিয়েছে। এমনকি, এই কঞ্জুর হস্তলিপির ডিজিটাইজেশনের কাজ পুরোদমে চলছে। মঙ্গোলিয়ার প্রায় ৫০০ বৌদ্ধ সন্ন্যাসী ভারতে বিভিন্ন বৌদ্ধ মঠে ও প্রতিষ্ঠানে অধ্যয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। এজন্যই ভারত গত কয়েক বছরে এঁদের ভ্রমণ ও ভিসার নিয়মাবলী শিথিল করেছে।
