ডিজিটাল; ১৯ জুন : কলকাতা পৌরসভার বিভিন্ন বিভাগের ১০০ দিনের কর্মীদের রাস্তায় নেমে কাজ করতে প্রতিনিয়ত বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে ১০০ দিনের কর্মীদের জন্য পৌরসংস্থার তরফ থেকে কোনো রকম ভাবে সচিত্র পরিচয় পত্র করা কি সম্ভব? তা নিয়ে শনিবার ১৮ জুন পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্ন করেন কলকাতা পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ইলোরা সাহা।
সেই প্রশ্নের প্রত্যুত্তরে মেয়র ফিরহাদ হাকিম সহমত হয়ে বলেন প্রত্যেক বোরোতে যতজন করে ১০০ দিনের কাজ করেন তার পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে , আশা করা যাচ্ছে আগামী দু’মাসের মধ্যে তাদের সচিত্র পরিচয় পত্র দেওয়া যাবে।
অধিবেশন শেষে মেয়র ফিরহাদ হাকিম এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
মেয়র আরো বলেন যে কোন জায়গায় কেউ যখন কাজ করছে সে ১০০ দিনের কর্মী না অন্য কেউ সেটা বোঝা যাবে। এছাড়া বন্ধ পার্কে যখন কাজ করা হবে তখন সেই সচিত্র পরিচয় থাকলে তাকে সঠিকভাবে চিহ্নিত করা যাবে, পুলিশ ও যদি আসে সে ক্ষেত্রে তার সচিত্র পরিচয় পত্র দেখে বুঝতে পারবে যে সে ১০০ দিনের কর্মী।
