ডিজিটাল; ২৪ জুলাই: সাইবার জগতের ব্যবহার যতো বাড়ছে, সাইবার অপরাধের প্রতি তরুণ প্রজন্মের আসক্তি বৃদ্ধি পাচ্ছে। যদিও সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুসারে পুলিশ এবং আইন-শৃঙ্খলার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত তা সত্ত্বেও সাইবার অপরাধের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে কেন্দ্র বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসএমএস, ট্যুইটার হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্র্যাম এবং টেলিগ্রামে ‘সাইবার দোস্তি ফরসি’ (cyberdosti4c) অ্যাকাউন্টের মাধ্যমে এবং বেতার, মাইগভ প্ল্যাটফর্মে এ বিষয়ে নানা বার্তার প্রচার করা হয়েছে।
এর পাশাপাশি পিএম ই-বিদ্যা এবং ইউটিউব চ্যানেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রতি মাসের প্রথম বুধবার সাইবার জাগরূকতা দিবস উদযাপন করা হয়। টেলিভিশন, রেডিও এবং দীক্ষার মতো ডিজিটাল চ্যানেলে সাইবার নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। লক্ষ লক্ষ শিক্ষক এবং প্রধান শিক্ষককে নিষ্ঠা তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইবার নিরাপত্তার বিষয়ে জানানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এনসিইআরটি পাঠক্রমে কম্পিউটার সায়েন্সে সাইবার নিরাপত্তার অধ্যায়টি যুক্ত করা হয়েছে।
রাজ্যসভায় সম্প্রতি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র।
