ডিজিটাল; ৪ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনা কমাতে আইআইটি খড়্গপুরের গবেষকরা দেশ জুড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা এক প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের কাছে পেশ করেছে। ভারতে পথ দুর্ঘটনা কমাতে নতুন নতুন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হলেও দেশে পথ দুর্ঘটনা অব্যাহত রয়েছে। ২০২০ সালে ৩ লক্ষ ৬৬ হাজার ১৩৮টি পথ দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পথ দুর্ঘটনার কারণে ঐ বছর ১ লক্ষ ৩১ হাজার ৭১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ধরনের দুর্ঘটনার ফলে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য অর্জন ব্যাহত হবে।

আইআইটি খড়্গপুর পথ দুর্ঘটনা কমাতে রাজ্য ও জেলাস্তরে সড়ক নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। এই পরিষদে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। কোন রাস্তায় কত কিলোমিটার বেগে গাড়ি চলবে, বিজ্ঞানসম্মতভাবে তা নির্ধারণ করা হবে। পরিষদ সংশ্লিষ্ট রাস্তায় নির্ধারিত গতিতে গাড়ি চলছে কিনা, সে বিষয়ে নজরদারি চালাবে। এছাড়াও, পথ দুর্ঘটনা ও পথ নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারকে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে – যান চলাচলে নিয়ন্ত্রণ না থাকা, নির্ধারিত লেন বরাবর গাড়ি না চলা, রাস্তায় পথচারীদের চলাচল এবং রাস্তার ধারে নানাবিধ অবৈধ কাজকর্মের কারণেই মূলত বড় বড় পথ দুর্ঘটনা হয়ে থাকে। হেলমেট পরে বাইক চালানো, সিট বেল্ট ব্যবহার করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং নির্ধারিত গতিতে গাড়ি চালানোর মতো সাধারণ সতর্কতামূলক নিয়মগুলি মেনে চললেই দেশে ৩ লক্ষ ৪৭ হাজার থেকে ৫ লক্ষ ৪০ হাজার প্রাণ প্রতি বছর বাঁচানো সম্ভব। আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ভার্গব মৈত্রের নেতৃত্বে গবেষক দলটির সুপারিশগুলি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আগামী ২০২৪ সালের মধ্যে পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যেই দেওয়া হয়েছে।