ডিজিটাল : ওবেসিটি বা বাড়তি ওজন শুধু বড়দের নয় ছোটদেরও সমস্যা। কোভিড অতিমারির সময়ে গৃহবন্দী থেকে বিপদ আরো বেড়েছে। শৈশব থেকেই ওবেসিটি থেকে সতর্ক থাকতে পরামর্শ দিলেন উডল্যান্ডস সুপার স্পেসালিটি হসপিটালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু রায় ।

আজকের পৃথিবীতে প্রায় চার কোটিরও বেশী শিশু বাড়তি ওজনের সমস্যায় ভুগছে। এ হিসাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অন্যদিকে দুনিয়া জোড়া লক ডাউনে বড়দের মতো ছোটরাও মোটা হয়েছে। আবার ইন্টারন্যাশনাল ওবেসিটি টাস্ক ফোর্স’ বা আইওটিএফ-এর সমীক্ষা অনুসারে উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে ৫ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে প্রায় ১০ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। কোভিডের জন্য ঘরবন্ধ হওয়ায় এদেশে শিশুদের ওজন বেড়েছে প্রায় ১১.৭ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই সতর্ক না হলে এ দেশে ২০২৫ সালে বাড়তি ওজন যুক্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১ কোটি ৭০ লক্ষে। এদের ৫০ থেকে ৮০ শতাংশই এই বাড়তি ওজনের বোঝা নিয়ে পৌঁছে যায় ‘বড়বেলায়’। এর থেকে, ডায়াবিটিস, লিপিডের বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভারের মতো সমস্যা বাড়তে থাকে। তাই স্বাভাবিকের চেয়ে ২৫ শতাংশ বেশি ওজন হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কোভিডের কারণে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকলেও এ বারে স্কুল শুরু হয়েছে। অনেক ছাত্র ছাত্রীই বাড়ি থেকে টিফিন নিয়ে যায়। কেউ কেউ স্কুলের ক্যান্টিনের খাবারও খায়। তাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে ওদের খাবারের বিষয়ে নজর দিতে হবে, ব্যবস্থা করতে হবে কম ক্যালোরি যুক্ত পুষ্টিকর খাবারের। স্কুলে প্রত্যেক শিশুর দৈনিক ৪০-৪৫ মিনিট দৌড়ে খেলা উচিৎ, তার ব্যবস্থাও নিতে হবে স্কুলকেই । শারীরশিক্ষায় পরীক্ষা থাকলে শিশুরা খেলতে বাধ্য হবে। ছোট থেকে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে ওদের সচেতন করা গেলেও ভাল হয়।

ছোটদের ওজন ঠিক রাখার টিপস

সকালের জলখাবার হবে পেটভরা। দই-চিড়ে, ওটস, রুটি-তরকারি, ঘন স্যুপ, ফল বা টাটকা ফলের রস খাওয়ার অভ্যেস করাতে হবে ছোট থেকেই। প্যাকেটজাত দামি হেলথ ড্রিংকসে বাড়তি চিনি থাকে বলে বাচ্চাদের ওজন বাড়ায় তাই এগুলি না পান করাই ভাল। ঠান্ডা পানীয়ের বদলে পাতিলেবুর শরবত পান করান।

প্রতি দিন ৪০-৪৫ মিনিট দৌড়োদৌড়ি করে খেলতেই হবে। সাইকেল চালানোতেও উৎসাহ দেওয়া দরকার।

বাচ্চার ওজন বাড়ছে বলে নিজেদের ইচ্ছে মতো ডায়েট অনুসরণ করবেন না। এতে শিশুর অপুষ্টির আশঙ্কা থাকে। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিন।

যোগাযোগঃ 07604075551-55