ডিজিটাল; ২৮ নভেম্বর: মাদক চোরাচালান অভিযানের আওতায় কেন্দ্রীয় মাদক চোরাচালান ব্যুরো (সিবিএন) আন্তঃরাজ্য মাদক চোরাচালানকারীদের কাছ থেকে ২৭২ কেজি অবৈধ আফিম আটক করেছে। উত্তর-পূর্ব ভারত থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত এই চক্রটির কাছ থেকে আটক হওয়া অবৈধ আফিমের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।
নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে রাজস্থানের একটি ট্রলারে করে নিয়ে যাওয়া এই অবৈধ আফিম আটক করা হয়। এই অভিযানের নাম ছিল ‘অপারেশন টিউলিপ’।
১৫ নভেম্বর সিবিএন – এর আধিকারিকরা জয়পুর – আগ্রা মহাসড়কে রাজাঢোক টোল প্লাজায় অশোক লে ল্যান্ডের একটি ২২ চাকার ট্রলার আটক করা হয়। এ থেকে উদ্ধার করা হয় ৯৫ প্যাকেট আফিম। এর ওজন ছিল ১০২.৯১০ কেজি।
অভিযানের সময় চোরাচালানকারীরা লরিটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, সরকারি গাড়ির চালক তার দুর্দান্ত উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা দেখিয়ে এই তাদের এই চেষ্টা ব্যর্থ করে দেয়। সরকারি গাড়ি ও লরিটির ব্যাপক ক্ষতি হয়।
২০ নভেম্বর অন্য আরেকটি অভিযানে উত্তর প্রদেশে বারাবাঁকি টোল ট্যাক্স থেকে সিবিএন আধিকারিকরা একটি টাটার ট্রলার আটক করে। এ থেকে উদ্ধার হয় ১৩৩ প্যাকেট আফিম। এর ওজন ছিল ১৩৫.৭০৯ কেজি।
নভেম্বরের ২৩ তারিখে হরিয়ানার হিসার জেলায় নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতে সিবিএন আধিকারিকরা আরও একটি গাড়ি আটক করে ও তা থেকে ৩৩ প্যাকেট অবৈধ আফিম উদ্ধার করে। এর ওজন ছিল ৩৩.৮৭০ কেজি।
রাজস্থানের রেজিস্ট্রেশন নম্বরের এই গাড়িটি ব্যাপক পরিমাণে অবৈধ আফিম নিয়ে উত্তর-পূর্ব ভারত থেকে হরিয়ানা হয়ে রাজস্থান যাচ্ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এ বছর এপ্রিল মাসে উত্তর-পূর্ব ভারত থেকে রাজস্থানে যাবার পথে একটি গাড়ি আটক করে ৩৮ কেজি অবৈধ আফিম উদ্ধার করা হয়।
বিপুল পরিমাণ এই অবৈধ আফিম উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে।
