ওয়েব ডেস্ক; ২৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ২০২৩ মরশুমের জন্য নারকেলের শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করেছে। দেশের প্রধান প্রধান নারকেল উৎপাদনকারী রাজ্যগুলির পরামর্শ ও কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস – এর সুপারিশক্রমে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মাঝারি গুণমানসম্পন্ন মিলিং কোপরা বা যে শাঁস থেকে তেল পাওয়া যায়, তার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে ক্যুইন্টাল প্রতি ১০ হাজার ৮৬০ টাকা। বল কোপরা বা শুকনো নারকেলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে ক্যুইন্টাল প্রতি ১১ হাজার ৭৫০ টাকা। এর ফলে, পূর্ববর্তী মরশুম থেকে বর্তমান মরশুমে মিলিং কোপরার ন্যূনতম সহায়ক মূল্য ক্যুইন্টাল প্রতি বেড়েছে ২৭০ টাকা। বল কোপরার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে ক্যুইন্টাল প্রতি ৭৫০ টাকা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে নারকেল চাষীরা উৎপাদন মূল্যের হিসাবে মিলিং কোপরার ক্ষেত্রে ৫১.৮২ শতাংশ এবং বল কোপরার ক্ষেত্রে ৬৪.২৬ শতাংশ বেশি দাম পাবে। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটে সরকারের ঘোষিত সিদ্ধান্তকে কার্যকর করতে নারকেল শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত ঘোষণাটি করা হ’ল। কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করে ভালো দাম পান, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। মূল্য সহায়ক প্রকল্পের আওতায় নারকেলের শাঁস সংগ্রহ করার প্রক্রিয়াটি ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (নাফেড) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন করে থাকে।