ওয়েব ডেস্ক; ৭ মে; দেবাঞ্জন দাস, কলকাতা : ২৯ সেপ্টেম্বর ১৯৬৭ মুক্তি পেলো সত্যজিৎ রায়ের পরিচালিত রহস্য রোমাঞ্চ গোয়েন্দা তদন্ত সিনেমা চিড়িয়াখানা। সেই ছবিতে গোলাপ কলোনির মালিক ছিলেন নিশানাথ সেন। যার হত্যাকে কেন্দ্র করে ব্যোমকেশ বক্সী তদন্ত চালিয়ে যান এবং আসল খুনিকে খুঁজে বার করেন।
সেই নিশানাথ সেনের কথা অনেকেরই মনে আছে। কিন্তু তার আসল নাম হয়তো অনেকেই জানেন না। তার আসল নাম সুশীল মজুমদার।
শুধুমাত্র অভিনয় নয় ছবি পরিচালনার ক্ষেত্রেও সুশীল মজুমদারের নাম চিরস্মরণীয়। স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন সুশীল মজুমদার।
ছোট থেকেই তার মধ্যে সিনেমা প্রীতি জন্মায়। ১৯২৮ সালের আশেপাশে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হন।
লাল পত্থর, হসপিটাল , যোগাযোগ, ভাঙ্গাগড়া সহ তার পরিচালিত বহু ছবি সিনেমা জগতে আলোরণ ফেলে দেয়। সত্যজিত রায়, উত্তম কুমার , সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া দেবী , ছবি বিশ্বাস সিনেমা জগতের নামকরা অভিনেতা ও পরিচালকদের সাথে কাজ করেন সুশীল মজুমদার।
১৯৭১ সালের হিন্দি ছবি লাল পত্থর তার পরিচালনায় শেষ কাজ।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অবিস্মরণীয় ব্যক্তিত্বকে কোনভাবেই যে ভুলে যাওয়া যায় না সেই নিদর্শন রাখলেন তার নাতি সঞ্জয় মিশ্র।
ইন্দ্রনীল সরকারের পরিচালনায় “সুশীল মজুমদার – দ্যা ডোয়েন্স জার্নি থ্রু টাইম” প্রায় এক ঘন্টার এই তথ্যচিত্রে তার জন্ম থেকে তার শেষ কাজ এবং মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই চিত্রিত হয়েছে। ছবিতে সন্দীপ রায়, লিলি চক্রবর্তী, নির্মল কুমার সহ বহু মানুষ সুশীল মজুমদারের সাথে তাদের কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়েছেন।
সুশীল মজুমদারের নাতি এবং প্রযোজক সঞ্জয় মিশ্র জানান, “দাদুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জিনিসই এইখানে দেখানো হয়েছে। তিনি কাদের সাথে কাজ করেছেন কি কি কাজ করেছেন কোন কোন ছবির পরিচালনা করেছেন সবকিছুই রয়েছে এখানে। সব মিলিয়ে এক ঘন্টা ছয় মিনিটের এই তথ্যচিত্র।”
তিনি আরো জানান, “আপাতত এই তথ্যচিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা আমাদের রয়েছে।”
পরিচালক ইন্দ্রনীল সরকার বলেন, “পুরনো দিনের সমস্ত ফিল্ম থেকে রেস্টোরেশন করার কাজটা আমাদের খুব কঠিন ছিল। সঞ্জয়বাবুর আবেগ এবং ভালোবাসা এই ছবিকে বানাতে আমাদের উৎসাহিত করেছে।”
তথ্যচিত্রের সহ পরিচালনা চন্দ্রিমা রায়, ক্যামেরায় ছিলেন জগন্নাথ কর্মকার, এডিট শান্তনু ঘোষ, কালার গ্রেডিং এবং কারেকশন ঋভু ভৌমিক।
