ওয়েব ডেস্ক; ২৩ মে: ২১ মে দক্ষিণবঙ্গ সীমান্তের ১০৭ ব্যাটালিয়নের সীমা চৌকি সোলকের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, তাদের দায়িত্বের এলাকা থেকে ১২১৭ গ্রাম ওজনের ৬ টি সোনার বিস্কুট জব্দ করেছে। জব্দকৃত সোনার বিস্কুটের আনুমানিক মূল্য ৭১,৯৫,৮১৪/- টাকা। চোরাকারবারীরা এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।

উল্লেখ্য যে, সীমা চৌকি সোলকের জওয়ানরা খবর পেয়েছিল যে তাদের এলাকা দিয়ে সোনা পার হতে চলেছে। খবর পেয়ে জওয়ানরা এলাকায় আম্বুশ স্থাপন করে এবং তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণ পরে, জওয়ানরা সীমান্তের দিকে আসার রাস্তায় বাইক নিয়ে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালায়, এরই মধ্যে উভয় ব্যক্তিই সুযোগ পেয়ে ঘটনাস্থলে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে বাইকে করে পালিয়ে যায়।

জওয়ানরা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করলে তাতে ৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়। তারপরে, জওয়ানরা আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালালেও সেখানে আর কিছুই পাওয়া যায়নি। পলাতক চোরাকারবারিদের পরিচয় অমল হালদার এবং অমিত গাইন, দুজনেই গ্রাম লক্ষ্মীপুর, জেলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷

পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে বাগদা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং জব্দকৃত সামগ্রী কাস্টম অফিস বাগদায় হস্তান্তর করা হচ্ছে।