ওয়েব ডেস্ক; ২৯ মে: গত ২৮ মে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক জোয়ানরা ৩ বাংলাদেশী যাত্রীকে ৩৪০ গ্রাম ওজনের সোনার অলঙ্কার সহ গ্রেপ্তার করেছে। যাত্রীরা এসব অলংকার বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল । আটক সোনার আনুমানিক মূল্য ২০,৫৩,৬০০/- টাকা।
প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে কাজ করে, আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বরত বিএসএফ কর্মীরা ৩ জন সন্দেহজনক বাংলাদেশী যাত্রীকে দেখেন। জওয়ানরা যাত্রীদের থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে যাত্রীদের নির্ধারিত সীমার বেশি স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় পাওয়া যায়। জওয়ানরা যাত্রীদের কাছে অলঙ্কার সম্পর্কে জিজ্ঞাসা করলে, তারা কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি বা অলঙ্কারের আইনি নথিও দেখাতে পারেনি। এরপর বিএসএফ সদস্যরা যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমা চৌকিতে নিয়ে আসে। আটক যাত্রীদের পরিচয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার প্রাণতোষ ধর, বাবুল কুমার ধর ও রাহুল চৌধুরী বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে রাহুল চৌধুরী জানায়, বাংলাদেশের চট্টগ্রামে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। আজ সে এসব গহনা নিয়ে ভারতে আসছিল। বিএসএফের ভয়ে সে বাসে বসে থাকা দুই যাত্রীকে কিছু টাকার প্রলোভন দেখিয়ে ওই গহনা বিতরণ করে। সে আরও জানায়, এরপর সে ভারতে এসে এই সোনা কলকাতার বড় বাজারে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিত।
আটক যাত্রীদের বাজেয়াপ্ত সামগ্রী সহ পেট্রাপোল কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
