ওয়েব ডেস্ক; ৩ জুলাই: আখ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে ২০২৩-২৪ চিনি মরশুমে আখের দাম কুইন্টাল প্রতি ৩১৫ টাকা নির্ধারণ করার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এর ফলে আখ থেকে চিনি উৎপাদনের সময় মৌলিক পুনরুদ্ধার হার ১০.২৫ শতাংশ থাকবে। আখ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চিনি কলগুলির ক্ষেত্রে মৌলিক পুনরুদ্ধার হার ৯.৫ শতাংশের নিচে যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে ২০২৩-২৪ চিনি মরশুমে আখ চাষীদের কুইন্টাল প্রতি ২৯১.৯৭৫ টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট মরশুমে আখ উৎপাদনে ব্যয় হয়েছে কুইন্টাল প্রতি ১৫৭ টাকা। সরকার নির্ধারিত মূল্যে কুইন্টাল প্রতি ৩১৫ টাকা চাষীদের দেওয়া হলে তা কৃষিকাজে ব্যয় হওয়া অর্থের থেকে ১০০.৬ শতাংশ বেশি হবে। ২০২২-২৩ চিনি মরশুমের থেকে ২০২৩-২৪ মরশুমে ৩.২৮ শতাংশ বেশি দাম ধার্য করা হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের থেকে চিনি কলগুলি আখ কিনবে। চিনি শিল্প একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প যার সঙ্গে ৫ কোটি আখ চাষীর ভাগ্য জড়িয়ে রয়েছে। চিনি কলগুলিতে কর্মরত ৫ লক্ষ কর্মীর ভবিষ্যৎও এই ব্যবস্থার ওপর নির্ভরশীল। রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পর কৃষিকাজে ব্যয় এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিশন, কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস এই দাম নির্ধারণ করেছে।