ওয়েব ডেস্ক; ২৫ আগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডভিয়া পশ্চিমবঙ্গ সফরকালে জানান :
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকারের উচিত, পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার জন্য তৃণমূল স্তরে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত করা। সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা যাতে রাজ্যের সকলের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।” মন্ত্রী এদিন রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচির পর্যালোচনা করেন।

পর্যালোচনার সময় আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য কেন্দ্র, জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ প্রকল্প, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বিভিন্ন প্রকল্পের তহবিল, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন(পিএম-এবিএইচআইএম), টেলিমেডিসিন পরিষেবা, রাজ্যের ডাক্তারি শিক্ষা এবং সিকেল সেল অ্যানিমিয়া দূরীকরণ প্রকল্পের তিনি পর্যালোচনা করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে বলেন, সাধারণ মানুষ যাতে তাদের বাড়ির কাছে প্রাথমিক চিকিৎসার সবধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় পশ্চিমবঙ্গে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রী জানান :
১) ৮০০টি উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ২৮৮ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
২)শহরাঞ্চলে ২টি কমিউনিটি হেল্থ সেন্টারের জন্য ১০ কোটি টাকা এবং ৩৭ টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ২৭ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
৩)৪০৪টি আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য কেন্দ্র (শহরাঞ্চলের জন্য) গড়ে তুলতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ প্রকল্পের পর্যালোচনা করেন। এই প্রকল্পের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এপর্যন্ত কত অর্থ দেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখেনে তিনি। “কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করতে বদ্ধপরিকর। এর জন্য সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় প্রদেয় অর্থ যাতে যথাযথ ব্যয় হয়, সে বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।”

ডাঃ মাণ্ডভিয়া আরো জানান, পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যের ২২৩টি ব্লক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলার জন্য ১৮০ কোটি ১২ লক্ষ টাকা এবং ৭১৯ উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করেছে।
পশ্চিমবঙ্গে ১০,৩৫৮টি আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য কেন্দ্রে ১৬ কোটি ৮২ লক্ষ ৮৭ হাজার ৪৩০টি রোগীর চিকিৎসা হয়েছে। টেলিফোনের মাধ্যমে এপর্যন্ত বিভিন্ন ধরনের রোগের জন্য ২,০৮,৪২,৩৯৭ টি পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন (পিএম-এবিএইচআইএম) এবং টেলিমেডিসিনের পরিষেবার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পিএম-এবিএইচআইএম পশ্চিমবঙ্গের মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। রাজ্যের প্রতিটি মানুষকে টেলিমেডিসিনের পরিষেবা দিতে আমরা সচেষ্ট হয়েছি।” রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন :
১) জটিল অসুখের চিকিৎসার জন্য ২২ টি ব্লক গড়ে তুলতে ৭২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২) ২৩ টি সুসংহত জনস্বাস্থ্য গবেষণাগার গড়ে তোলার জন্য ৪৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
৩)শহরাঞ্চলে ৫১০ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ৫৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্যের ডাক্তারি শিক্ষা এবং সিকেল সেল অ্যানিমিয়া দূরীকরণ প্রকল্পের পর্যালোচনা করে ডাঃ মাণ্ডভিয়া জানান, “পশ্চিমবঙ্গের মানুষকে ডাক্তারি ক্ষেত্রে উন্নত শিক্ষা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। সিকেল সেল অ্যানিমিয়া দূরীকরণ প্রকল্পকে সফল করে তুলতে আমরা সবধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”  

সূত্র: পি আই বি