ওয়েব ডেস্ক; ১২ সেপ্টেম্বর: ভারতজুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তুলতে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভবঃ কর্মসূচীর সূচনা করবেন। সুদূরপ্রসারী এই কর্মসূচীটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রত্যেকের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ।
আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার এবং অধ্যাপক এস পি সিং বাঘেল, নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডাঃ ভি কে পল, লোকসভার সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন। জেলা সদর, ব্লক সদর এবং বিভিন্ন গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীরাও ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়ুষ্মান ভবঃ প্রকল্পটি কার্যকর করা হবে। দেশের প্রতিটি গ্রাম ও শহরে যাতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্পগুলির সুফল পৌঁছায় তা নিশ্চিত করতে এটি একটি সর্বাঙ্গীন জাতীয় উদ্যোগ। আয়ুষ্মান ভারত কর্মসূচীকে সফল করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
এই কর্মসূচীর আওতায় প্রত্যেক নাগরিক যাতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পান তা নিশ্চিত করতে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পাখওয়াড়া’ পক্ষের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে এই কর্মসূচীর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সম্প্রদায় যৌথ উদ্যোগের মাধ্যমে প্রত্যেক নাগরিক যাতে স্বাস্থ্য পরিষেবা পান তা নিশ্চিত করবে। এই উদ্যোগে কেউ যাতে বাদ না পড়েন সেটি নিশ্চিত করা হবে।
আয়ুষ্মান ভবঃ কর্মসূচীটিকে স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের সঙ্গে যৌথ ভাবে বাস্তবায়িত করা হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন অর্থাৎ গ্রামপঞ্চায়েত এবং পুরসভাগুলি মূল উদ্যোগ গ্রহণ করবে। ভৌগলিক বাধা অতিক্রম করে প্রতিটি গ্রাম এবং শহরে সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, কেউ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন সেগুলি নিশ্চিত করা হবে।
এই কর্মসূচীর মাধ্যমে প্রতিটি গ্রামে আয়ুষ্মান সভার আয়োজন করা হবে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ্মান ভবঃ, আয়ুষ্মান আপকে দোয়ারে ৩.০ এবং আয়ুষ্মান মেলার মত কর্মসূচীর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: পি আই বি
