ওয়েব ডেস্ক; ২০ সেপ্টেম্বর: সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পক্ষকালব্যাপী স্বচ্ছ্বতা অভিযান পালনের জন্য জনগণের অংশীদারিত্ব বাড়াতে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর, ২০২৩) নতুন দিল্লিতে এক উদ্যোগ শুরু হয়। ‘স্বচ্ছ্বতা হি সেবা’ নামে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, নগর ও আবাস দফতরের মন্ত্রী হরদীপ সিং পুরী এবং গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং। ৭৩ লক্ষ ৬২ হাজার শৌচাগার নির্মাণ করে কেন্দ্রীয় সরকার নগর এলাকার দরিদ্রদের সম্মান প্রদানের পাশাপাশি, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির সুযোগ করে দিয়েছেন ইতিমধ্যে। এর মধ্যে মোট ৬৭ লক্ষ এক হাজার শৌচাগার নির্মিত হয়েছে বাড়িতে বা। ৬ লক্ষ ৫২ হাজার তৈরি হয়েছে সুলভ শৌচালয় হিসেবে।
পশ্চিমবঙ্গে এই ‘স্বচ্ছ্বতা হি সেবা’ পক্ষ উদযাপনের জন্য বিভিন্ন সরকারি দফতরে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এনএসএস ছাড়াও পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং উপকূলরক্ষী বাহিনীর পক্ষে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বের সদর দফতর ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ওড়িশা ও পশ্চিমবঙ্গে সমুদ্রতট পরিস্কার করার কর্মসূচি পালন করে। ওড়িশার পারাদ্বীপ, পুরী, বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের হলদিয়া, ফ্রেজারগঞ্জ(বকখালি) এবং কলকাতায় এই অভিযান হয়।
উত্তর-পূর্বাঞ্চলের উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার, ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহান বকখালি সমুদ্রতটে ফ্রেজারগঞ্জের আইসিজিএস বাহিনীর সঙ্গে এই অভিযানে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন গঙ্গাসাগর-বকখালির উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহান এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এই অভিযান বিশেষ কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। বিশ্বকে স্বচ্ছ্ব করে তুলতে নবপ্রজন্মের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক এই ধরনের কর্মসূচি।
কলকাতাতেও একই দিনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় মানিকতলার সুভাষ সরোবরে এক স্বচ্ছ্বতা অভিযানের আয়োজন করে উপকূলরক্ষী বাহিনী। স্বচ্ছ্ব জলাধার ও দূষণমুক্ত পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। অনুষ্ঠানে উপকূলরক্ষী বাহিনীর কর্মী ও তাঁদের পরিবার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীরা অংশ নেন।
উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক সদর দফতরে এক বৃক্ষরোপন অভিযান পালন করা হয়। এছাড়াও, পশ্চিমবঙ্গ ও ওড়িশার জনগণকে স্বচ্ছ্বতার বিষয়ে সচেতন করার জন্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ, মৎস্যজীবীদের সঙ্গে আলাপচারিতা, ওয়াকাথন ইত্যাদি কর্মসূচি।
প্রায় আড়াই হাজার উৎসাহী স্বেচ্ছাসেবী এই বৃহৎ অভিযানে অংশ নেয়। বিভিন্ন সমুদ্রতট থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোগ্রাম লিটার সামুদ্রিক বর্জ্য ও প্লাস্টিক সংগ্রহ করা হ্য়।
“স্বচ্ছ্ব উপকূল ও স্বচ্ছ্ব সমুদ্র’’ গড়ে তুলতে ও পরিবেশ দূষমমুক্ত করতে এই স্বচ্ছ্বতা অভিযানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি, কলকাতা, বহরমপুর, ধুপগুড়ি, ঘাটাল ও পুরুলিয়া-সহ কলেজ ও স্কুলগুলিতে শ্রেণিকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বর পরিস্কারের কর্মসূচি পালন করে এনএসএস শাখা।
১৫ ও ১৬ সেপ্টেম্বর তারিখে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ-ও পালন করে স্বচ্ছ্বতা পক্ষ।
