ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো বা সেন্ট্রাল ব্যুরো অফ্ কমিউনিকেশন (সিবিসি)-এর মেদিনীপুর ফিল্ড অফিস-এর উদ্যোগে ‘মেরি মাটি মেরা দেশ’ বিষয়ক তিনদিনের সুসংহত গন জ্ঞাপন ও সংযোগ অনুষ্ঠান বা ইন্টিগ্রেটেড কম্যুনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রামঅনু (আইসিওপি) অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামের আলিনান রামকৃষ্ণ বিবেকানন্দ যুব সংঘের উত্তরণ ভবনে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তিনদিনের এই অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কেন্দ্র সরকারের নয় বছরের গরীব কল্যাণ সেবা সুশাসন শীর্ষক জনহিতকর ও দেশের সামগ্রিক উন্নতির বিষয়সমূহ নিয়ে এক মাল্টিমিডিয়া প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে এলাকার মানুষের মধ্যে। এছাড়াও, বিশ্ব উষ্ণায়ণ রোধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মিশন লাইফ নিয়ে রয়েছে ডিজিটাল চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর অঙ্গ হিসেবেই টিভির মনিটরে ও বিশাল লেড স্ক্রিনে চলছে নতুন সংসদ ভবন, জি টোয়োন্টি, মেরি মাটি মেরা দেশ, স্বচ্ছতা হি সেবা, পোষন মাস ও চন্দ্রযান সংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র। মেরি মাটি মেরা দেশ কর্মসূচিকে প্রাধান্য দিয়ে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার শ্বশুরবাড়ির আলিনান গ্রামেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিবিসির তরফে।
তিনদিন ধরে চলছে গান, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবির, পুষ্টি নিয়ে অঙ্গনওয়াড়ি ও মায়েদের আলোচনাসভাও। এছাড়াও, আন্তঃস্কুল ক্যুইজ প্রতিযোগিতা অন্যতম আকর্ষণ। প্রতিদিন সিবিসি’র নিজস্ব শিল্পীদের গান, নাচ, ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল
স্কুল ও গ্রামীণ ক্লাব ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। খেলা শেষে মূল মঞ্চে বিজিত ও বিজয়ী দলের সব সদস্যের মেডেল, শংসাপত্র ও কাপ তুলে দেন সিবিসি মেদিনীপুরের ফিল্ড পাবলিসিটি অফিসার শ্রী সুদীপ্ত বিশ্বাস ও সহযোগী সংস্থার সম্পাদক শ্যামল কুমার জানা।
আগামীকাল, ২২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ অনুষ্ঠান শেষ হবে আলোচনাসভা ও সমস্ত প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মাধ্যমে।
