ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর: মন কি বাত-এর ১০৩ তম পর্বে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির অঙ্গ হিসেবে নতুন দিল্লিতে ১ সেপ্টেম্বর ২০২৩-এ অমৃত কলস যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির লক্ষ্য প্রতিটি পরিবার এবং নাগরিককে উন্নত ভারত গড়ে তোলার উদ্যোগে যুক্ত করা। পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় মোট ৭ হাজার ৫ শো পাত্রে মাটি সংগ্রহ করা হচ্ছে। এই কর্মসূচি ব্লকস্তরে আয়োজিত হবে অক্টোবরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত। রাজ্যস্তরে এর আয়োজন হবে অক্টোবরের ২২ থেকে ২৭ তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসব অমৃত কলসে নিয়ে যাওয়া মাটি রাখবেন অমৃত বাটিকায়- যা হবে ভারতের সাহসী বীর স্বাধীনতা সংগ্রামীদের দের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
পশ্চিমবঙ্গেও অমৃত কলস যাত্রা ঘিরে উদ্দীপনার সঞ্চার হয়েছে। ১৪ সেপ্টেম্বর কলকাতার অরবিন্দ ভবন থেকে মাটি সংগ্রহ করেন কেন্দ্রীয় শিক্ষা এবং দক্ষতা বিকাশ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধা জানান তিনি ঐ অনুষ্ঠানে।

নেহরু যুবকেন্দ্র সংগঠন পশ্চিমবঙ্গ এবং আন্দামান শাখার আয়োজনেও ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি আয়োজিত হচ্ছে মহা সমারোহে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন গ্রাম ও শহরে অমৃত কলস যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার গ্রামের প্রায় ২ লক্ষ পরিবার এতে সামিল হয়েছেন। এই কর্মসূচি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
এছাড়াও, ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেহরু যুব কেন্দ্র সংগঠন ১৮ সেপ্টেম্বর মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য স্তরের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। ১৮ জন যুবক-যুবতী ‘লালবাহাদুর শাস্ত্রী-তাঁর জীবন ও অমৃতকালে তাঁর যোগ্য উত্তরসূরী’ বিষয়ে বক্তব্য রাখেন। ফল ঘোষণা হয় ২০ সেপ্টেম্বর। প্রথম হয়েছেন দার্জিলিং জেলার প্রতীক গুরুং। তিনি ২ অক্টোবর সংসদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সূত্র: পি আই বি