ওয়েব ডেস্ক; ২২ সেপ্টেম্বর: বিহারের পাটনা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার মাধ্যমে ভারতীয় রেল দেশের পূর্বাঞ্চলে রেল সংযোগ আরও বাড়াতে চলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৪ সেপ্টেম্বর, যে ৯টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন, তার অন্যতম হল পাটনা-হাওড়া বন্দে ভারত। এটি পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস।
পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে আরও দক্ষ ও দ্রুততর যাত্রী পরিবহণের লক্ষ্যে এই বন্দে ভারতটি চালু করা হচ্ছে। এই ট্রেনটি দুটি রাজ্যের মোট ১০টি জেলা ছুঁয়ে যাবে। এগুলি হল – পাটনা, লখিসরাই, জামুই, দেওঘর, জামতাড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা ও হাওড়া। পাটনা ও হাওড়ার মধ্যে, ৫৩২ কিলোমিটার দূরত্ব এই সেমি হাইস্পিড ট্রেনটি অতিক্রম করবে মোট সাড়ে ৬ ঘণ্টায়। বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা। ট্রেনটি ঘণ্টায় গড়ে ৮২ কিলোমিটার বেগে ছুটবে- এর সর্বোচ্চ গতিবেগ হল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস এই অঞ্চলের মানুষকে দ্রুত গতিতে স্বাচ্ছন্দপূর্ণ ভ্রমণের সুযোগ দেবে বলে উল্লেখ করেছেন পূর্ব রেল কতৃপক্ষ। পূর্ব রেলের আওতায় এই ট্রেনটি দুটি গুরুত্বপূর্ণ শহর জশিডি এবং আসানসোলে থামবে। এর সুবাদে আঞ্চলিক পর্যটন ও বাণিজ্যেরও প্রসার হবে বলে আশা ব্যক্ত করেছেন পূর্ব রেল কতৃপক্ষ।
দেশের উত্তর পূর্বাঞ্চলে উন্নত রেল সংযোগের লক্ষ্যে ভারতীয় রেলের এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। এই সেমি হাইস্পিড ট্রেনটি যাত্রীদের সময়ের সাশ্রয় ছাড়াও তাঁদের আরামদায়ক ভ্রমণের সুবিধা দেবে এবং এই অঞ্চলে পরিবহণ পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটাবে। এর গতি ও দক্ষতার সুবাদে বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী রেলযাত্রীদের কাছে বিশেষ পছন্দের হয়ে উঠবে বলে পূর্ব রেল কর্তৃপক্ষ আশা করছেন।
সূত্র : পি আই বি
