ওয়েব ডেস্ক; ২৩ ডিসেম্বর: ২০১৩ সাল থেকে ক্যান্সারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে কাজ করে চলেছে ডা. আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ।
ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য সম্প্রতি ডা. আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হলো। প্রকল্পের নাম ” খেলাঘর ” । যে সমস্ত শিশুরা ক্যান্সারে আক্রান্ত তাদের দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে কিছুটা খামতি দেখা যায়। তাদের কথা মাথায় রেখেই সংস্থার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি এই প্রকল্পটি শুরু করার কথা ভাবেন। বহু ক্যান্সারে আক্রান্ত শিশুরা তাদের শৈশবকে ভালোভাবে কাটানোর জন্য এবং আনন্দ করার জন্য সামান্য খেলনাটুকুও পায় না। সেই খামতি মেটাতে চলেছে ডাক্তার আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর এই খেলাঘর প্রজেক্ট।
উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ইন্দ্রনীল খান, সংস্থার সভাপতি অধ্যাপক (ডাক্তার) জহর মজুমদার, গিটারিস্ট স্বপন সেন প্রমুখ।
সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি বলেন, আত্মবিশ্বাস চেষ্টা যদি আমাদের সাথে থাকে তাহলে কোন কাজেই আটকে থাকে না। এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে বলেন। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত শিশুদের এই প্রকল্পকে তাদের মাঝে পৌঁছে যাওয়ার জন্য সবাইকে হাতে হাত রেখে কাজ করতে আহ্বান জানান।
