ওয়েব ডেস্ক; কলকাতা, ২৬ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০০০ রেলওয়ের গঠনমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/ উদ্বোধন/ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন, যার আনুমানিক খরচ প্রায় ৪১০০০ কোটি টাকা। এর মধ্যে পূর্ব রেলের চারটি ডিভিশনের মোট ২৮ টি স্টেশনের পুনর্বিকাশ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমৃত ভারত স্টেশন যোজনার আওতায়। এই উপলক্ষে ব্যান্ডেল স্টেশনেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বোস , পূর্ব রেলের মহাপ্রবন্ধক শ্রী মিলিন্দ কে. দেওস্কর উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান উপলক্ষে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মহামান্য রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বোস এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি ঘোষণা করেন যে , সমস্ত বিজয়ী প্রতিযোগীদের তিনি ৫০০০ টাকা করে পুরস্কার দেবেন। এছাড়াও তিনি রেল কর্মচারীদের কাজে খুশি হয়ে ৫ জন রেল কর্মচারীকে রাজভবনে আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি রেল সুরক্ষা বাহিনীর ব্যান্ডবাদকদের উপহার দিয়ে উৎসাহিত করেন।