ওয়েব ডেস্ক; কলকাতা, ২ মার্চ : কৃষ্ণনগরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন/জাতির প্রতি উত্সর্গ/শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিরতি পথে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, কৃষ্ণনগর স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে মৃৎশিল্পীদের তৈরী করা বিপণন সামগ্রীর সুদৃশ্য কারুকলা দেখে অভিভূত হলেন।

কৃষ্ণনগর স্টেশনে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতাধীন ওএসওপি স্টল ‘লোকনাথ টেরাকোটা’ -এর দোকানদারের সঙ্গে তিনি আলাপচারিতা চলাকালীন জিজ্ঞেস করেন যে তাঁরা এত সুলভ মূল্যে কিভাবে এইসব সামগ্রী বিক্রয় করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই সামগ্রী কি দিয়ে তৈরি এবং তার রূপকার কে এই ব্যাপারেও তিনি খোঁজ খবর নেন এবং তিনি এই স্টলগুলির জিনিসপত্র বিক্রয়ের সফলতা কামনা করেন।

মাননীয় রাজ্যপাল, কৃষ্ণনগরের নান্দনিকময় মৃৎশিল্পের ব্যাপারে আগেই সম্পূর্ণ অবগত ছিলেন কিন্তু এখন তার চাক্ষুষ প্রমান পেলেন। পরিশেষে তিনি কৃষ্ণনগরবাসীদের তৈরী মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন। কৃষ্ণনগর স্টেশনে, ওএসওপি স্টলে এই সুন্দর মৃত্কার্যের নান্দনিকতায় অভিভূত হয়ে, নিদর্শন হিসাবে মাননীয় রাজ্যপাল কিছু মৃৎ সামগ্রীও ক্রয় করেন। তিনি এখানকার মৃৎশিল্পীদের তৈরী করা সামগ্রীর ব্যপকতর বাজার ও জনপ্রিয়তা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

পূর্ব রেলের মুখ্য গণসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানান ” আচমকাই মাননীয় রাজ্যপাল কৃষ্ণনগর স্টেশনে এসে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের ব্যাপারে খোঁজ নেন এবং নিজেই স্টলে এসে বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলে অত্যন্ত খুশি হন।”